মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির ও সিতি হাসমাহর ঐতিহাসিক ৩ রেকর্ড
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী তিনটি ঐতিহাসিক রেকর্ড অর্জন করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) পুত্রাজায়ার পেরদানা লিডারশিপ ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব রেকর্ডের সনদ তুলে দেওয়া হয়।
আসিয়ান রেকর্ডসের অধীনে ড. মাহাথির মোহাম্মদকে ‘সবচেয়ে বেশি বয়সী জীবিত সাবেক প্রধানমন্ত্রী’ এবং ড. সিতি হাসমাহকে ‘সবচেয়ে বেশি বয়সী জীবিত সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, এশিয়া রেকর্ডসের অধীনে যৌথভাবে তাদের আরও একটি ঐতিহাসিক রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয়। এতে তাদের ‘সাবেক সরকারপ্রধান ও তার স্ত্রী—উভয়ের জীবিত শতবর্ষী হয়ে ওঠার প্রথম দম্পতি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
তিনটি রেকর্ডই এসেছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি মাইলফলকের সময়ে। গত ১০ জুলাই ড. মাহাথির ১০১ বছরে পা দেন। এর দুই দিন পর ১২ জুলাই ড. সিতি হাসমাহ ১০০ বছর পূর্ণ করেন। এরপর গত ৫ আগস্ট তারা ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন।
রেকর্ড যাচাইকারী দলের মূল্যায়নে দেখা যায়, আসিয়ান অঞ্চল ও এশিয়ার প্রধান দেশগুলোর মধ্যে তাদের এ অর্জনের সমতুল্য কোনো পূর্ববর্তী প্রকাশ্য রেকর্ড পাওয়া যায়নি।
অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেন আসিয়ান রেকর্ডসের অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান তান শ্রী দাতুক ড্যানি ওই। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অ্যাডজুডিকেটর গিলিয়ান ওই এবং এলড্রিক কোহ।
ড. মাহাথির মোহাম্মদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঐতিহাসিক স্বীকৃতির বিষয়টি তুলে ধরে একটি পোস্টও প্রকাশ করেছেন।
মাহাথির-সিতি হাসমাহ দম্পতির ১০০ ও ১০১ বছর বয়সে পৌঁছে একই সঙ্গে জীবনের ৭০ বছরের দাম্পত্য পথচলার তিনটি ঐতিহাসিক রেকর্ড অর্জনকে মালয়েশিয়ার ইতিহাসে একটি অনন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া