জুমাতুল বিদা দিয়ে কাল শেষ হচ্ছে রমজান
পবিত্র রমজান মাস শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার (২০ মার্চ)। এদিন সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।
জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। ১৪৪৭ হিজরির রমজান মাসের শেষ জুমা আগামীকাল।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেবেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন। এদিন পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করবেন মুসল্লিরা। জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হবে—‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রমাদান।’ অর্থাৎ, বিদায়, বিদায় হে মাহে রমজান।
জুমাতুল বিদার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
জুমাতুল বিদা উপলক্ষে অনেক ধর্মপ্রাণ মুসল্লি নামাজ শুরুর অনেক আগেই মসজিদে গিয়ে অবস্থান করবেন। সেখানে কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-দরুদ পাঠ করবেন। এ ছাড়া অনেকে নিজের পরিবার ও প্রয়াত আত্মীয়-স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাতও করবেন।
নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে—হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন, ‘রাসুল (সা.) এরশাদ করেছেন—যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়’ (বুখারী, মুসলিম)।
সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়। এ ছাড়া আগামীকাল শুক্রবার রমজানের ৩০ দিনও পূর্ণ হচ্ছে। পরদিন শনিবার সারা দেশে একযোগে ঈদুল ফিতর উদযাপন করবেন দেশবাসী।

এনটিভি অনলাইন ডেস্ক