অলিম্পিক গেমস আয়োজন করতে চায় ভারত
২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০৩২ সালের অলিম্পিক গেমস আয়োজন করতে চায় তারা। এই গেমস আয়োজনে আবেদন করবে বলে জানিয়েছেন আইওসির সভাপতি নারিন্দর বাত্রা।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন করতে আগ্রহী নারিন্দর বাত্রা বলেন, 'আমরা ২০২৬ সালে যুব অলিম্পিক ও ২০৩২ সালে মূল অলিম্পিক গেমসের আয়োজক হতে চাই।'
অবশ্য এরই মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে যুব অলিম্পিকের জন্য আবেদন করেছে ভারত। ভারতের সঙ্গে আয়োজক হিসেবে লড়াইয়ে রয়েছে থাইল্যান্ড, রাশিয়া ও কম্বোডিয়া। আর ২০৩২ অলিম্পিক গেমস আয়োজনের জন্য ফেভারিট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, সাংহাই এবং যৌথভাবে সিউল-পিয়ংইয়ং।
অলিম্পিক কমিটির সব উদ্যোগ অবশ্য স্থগিত হয়ে গেছে করোনার সংক্রমণের কারণে। আইওসির সভাপতি নারিন্দর বাত্রা বর্তমানে আন্তর্জাতিক হকি সংস্থারও প্রধান। তিনি জানিয়েছেন, আবেদন করতে তারা প্রস্তুত।
আর করোনাভাইরাস প্রসঙ্গে বলতে গিয়ে বাত্রা আরো বলেন, 'এই মুহূর্তে করপোরেট সংস্থা বা সরকারের সঙ্গে ব্যবসায়িক কোনো আলোচনা করা উচিত নয়। প্রথম কাজ হলো, বর্তমান সমস্যার সমাধান করা।'
ঠিক ১০ বছর আগে দিল্লিতে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল ভারত। সে সময় একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। আর্থিক দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে সমালোচিত হয়েছিল তারা। এদিকে সম্প্রতি দিল্লিতে ২০২১ সালের বক্সিং চ্যাম্পিয়নশিপও বাতিল করে দেওয়া হয়েছে।
অবশ্য নারিন্দর বাত্রা অলিম্পিক গেমস আয়োজনে বদ্ধপরিকর। তিনি বলন, 'বক্সিং সমস্যার কথা তাঁর জানা নেই। তবে কমনওয়েলথ গেমস ভারতকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে। কমনওয়েলথ গেমস আয়োজন করে আমরা বুঝতে পেরেছি অলিম্পিক হোক বা অন্য কোনো টুর্নামেন্ট, যেকোনো বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনে আমরা সক্ষম।'
তবে ২০১০ সালের কমনওয়েলথ গেমসে দেশের তরুণ অ্যাথলটদের সেভাবে অনুপ্রাণিত করতে পারেনি বলে মনে করেন ভারতীয় ক্রীড়া সংগঠক।

স্পোর্টস ডেস্ক