ইডেন টেস্ট তিন দিনে গড়াবে?
ইন্দোরে প্রথম টেস্ট শেষ হয়েছে মাত্র তিন দিনে। সেই ম্যাচের ভরাডুবি শেষে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, প্রথম টেস্টের ভুলত্রুটি শুধরে ইডেনে গোলাপি বলে ফিরতে মরিয়া তাঁরা। কিন্তু আসলেই কি ইন্দোরে কিছু শিখেছেন মুমিনুলরা?
সেই একই ধরনের ব্যাটিং, আউটের ধরন, শরীরী ভাষা! কিছুই পাল্টায়নি। উল্টো ইডেন টেস্টে ব্যর্থতার চরম পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ। পুরো দলের ব্যর্থতায় এখন লাখ টাকার প্রশ্ন হলো- ইডেন টেস্টে তিন দিন টিকবে তো বাংলাদেশ?
আজ শনিবার দ্বিতীয় ব্যাট করতে নামা বাংলাদেশের এখন পর্যন্ত পারফরম্যান্স সেটাই বলছে। ব্যাট করতে নেমে আগের ম্যাচে ১২ রান করা সাদমান ফিরলেন গোল্ডেন ডাকে। তিনে ব্যাট করতে নামা অধিনায়ক মুমিনুলও ফিরলেন শূন্য রানে। প্রথম ইনিংসেও রানের খাতা খোলার আগে বিদায় নেন তিনি। আগের ম্যাচে চার রান করা ইমরুল কায়েস এবার করলেন পাঁচ রান। সঙ্গে মিঠুন করলেন ছয় রান। সবমিলিয়ে ১৩ রান তুলতে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাতে বাকি এক সেশন বাংলাদেশ টিকবে কি না সেটাই এখন বড় প্রশ্ন!
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৪৭ রান সংগ্রহ করেছে ভারত। ২৪১ রানের লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
ইডেন টেস্টে আজ শনিবার দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করেছেন স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। তবে সেঞ্চুরির দিকে আগানো জুটি ভেঙে বাংলাদেশকে উইকেট এনে দিলেন তাইজুল ইসলাম। ফিরিয়ে দিলেন রাহানেকে। ভাঙেন ৯৯ রানের জুটি।
তবে কোহলি-রাহানের জুটিতে সেঞ্চুরি না হলেও এরই মধ্যে ১৫৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। গোলাপি বলের ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেন তিনি। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ২৭তম সেঞ্চুরি। আর অধিনায়ক হিসেবে ২০তম সেঞ্চুরি।
সেঞ্চুরির পর অবশ্য বেশিদূর যেতে পারেননি কোহলি। এবাদতের বলে আউট হয়ে ফিরেছেন ১৩৬ রানে। কোহলি ফেরার পর তেমন কেউ ইনিংস বড় করতে পারেননি। তবে অধিনায়কের ব্যাটেই শক্ত অবস্থানে পৌঁছে গেছে ভারত। দ্বিতীয় সেশনে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করেছে বিরাট কোহলির দল। লিড ২৪১ রানের, হাতে ছিল এক উইকেট।
বাংলাদেশের হয়ে বল হাতে সমান তিনটি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও এবাদত হোসেন। দুটি উইকেট নেন আবু জায়েদ রাহি।
এর আগে গতকাল শুক্রবার ইডেন টেস্টে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। শেষ সেশনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৪ রানে প্রথম দিন শেষ করেছে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন বিরাট কোহলি (৫৯) ও অজিঙ্কা রাহানে (২৩)। ৬৮ রানের লিড নিয়ে আজ শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত।

স্পোর্টস ডেস্ক