টোকিও অলিম্পিকের নতুন সূচি প্রকাশ
করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। চলতি বছর জুলাইতে হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। তবে করোনার ছোবলে সেটা আর সম্ভব হচ্ছে না। পিছিয়ে যাওয়া এই টুর্নামেন্টের নতুন সূচি প্রকাশ করেছেন আয়োজকরা।
নতুন সূচি অনুযায়ী এক বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনা করে আজ সোমবার নতুন তারিখ ঘোষণা করেছে ২০২০ অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি।
একই সঙ্গে টোকিও প্যারালিম্পিক গেমসেরও নতুন সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী প্যারা-অলিম্পিক শুরু হবে ২৪ আগস্ট, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস ব্যাচ বলেন, ‘আমি নিশ্চিত যে টোকিও ২০২০-এর সাংগঠনিক কমিটি, জাপান সরকার এবং আমাদের সকল হোল্ডার একত্রে অলিম্পিক আয়োজনের নতুন চ্যালেঞ্জ সঠিকভাবে পালন করবে। মানবজাতি বর্তমানে যে অন্ধকার বৃত্তে আবদ্ধ, সে অবস্থা শেষে অলিম্পিক আলো হয়ে জ্বলতে পারে।’
আন্তর্জাতিক প্যারা-অলিম্পিক কমিটির সভাপতি অ্যান্ড্রু পার্সনস বলেন, ‘পরের বছর টোকিওতে প্যারা-অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলে সবাই মানবতার একতাবদ্ধ হওয়ার চিত্র প্রদর্শন করতে পারবে। এ ছাড়া এই আসর একটি বিশ্বব্যাপী উদযাপন এবং খেলাধুলার এক চাঞ্চল্যকর প্রদর্শনী হতে পারে। বর্তমান কঠিন সময়ে বন্ধুবান্ধব এবং পরিবার নিয়ে সবাই নিরাপদে থাকার দিকে মনোনিবেশ করা উচিত।’
এবারের অলিম্পিক লম্বা সময়ের জন্য পিছিয়ে গেলেও মাঝের এ সময়ে অলিম্পিক মশাল জাপানেই থাকছে। এ ছাড়া নামও অপরিবর্তিত থাকবে, যথাক্রমে অলিম্পিক ও প্যারা-অলিম্পিক গেমস টোকিও-২০২০।

স্পোর্টস ডেস্ক