দুর্দান্ত মিরাজে সিলেটকে উড়িয়ে দিল খুলনা
ছোট লক্ষ্য, জয়ের জন্য খুলনা টাইগার্সের চাই ১৫৮ রান। জবাব দিতে নেমে খুব একটা বেগ পেতে হলো না মুশফিকদের। ব্যাট হাতে জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দলকে দারুণ জয় এনে দিলেন এই তরুণ অলরাউন্ডার। তাঁর অসাধারণ ইনিংসে ভর করে সিলেট থান্ডারের বিপক্ষে ৮ উইকেটে বড় জয় তুলে নিয়েছে খুলনা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে চার উইকেটে ১৫৭ রান করে সিলেট। জবাবে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় খুলনা। ৬২ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ।
এই জয়ের সুবাদে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করল খুলনা। অন্যদিকে সাত ম্যাচের ছয়টিতেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে সিলেট। চট্টগ্রাম পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনাকে হারিয়ে জয়ের খাতা খুলেছিল সিলেট। ঢাকায় এসে আবার সেই খুলনার কাছেই হেরে গেল দলটি।
ম্যাচে সিলেটের হয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা দারুণ করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা ফ্লেচার। কিন্তু এদিন আর বেশি দূর যেতে পারলেন না। নবম ওভারে তাঁকে ফিরয়ে দেন ফ্রাইলিঙ্ক। ফেরার আগে ৩৭ রান করেন তিনি।
তিনে ব্যাট করতে নামা চার্লসও বেশিক্ষণ টিকলেন না। ১৩তম ওভারে তাঁকেও ফেরান ফ্রাইলিঙ্ক। পরের ওভারে শহিদুল ইসলামের ফাঁদে পড়েন রুবেল মিয়া। ৪৪ বলে ৩৯ রান করেন তিনি। এরপর বড় ইনিংস খেলতে পারেননি কেউ। রাদারফোর্ড ও অধিনায়ক সৈকতের ছোট দুটি ইনিংসে ১৫৭ রানে থামে সিলেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় ব্যাটিং করেন খুলনার দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। শুরুর জুটিতেই ১১৫ রান তোলে খুলনা। যেটা চলতি বিপিএলের সর্বোচ্চ ওপেনিং জুটি।
তবে ১৩তম ওভারে শান্তকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ৩১ বলে ৪১ রান করে ফেরেন শান্ত। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিরাজ। নয় বাউন্ডারি তিন ছক্কায় ৮৭ রানে অপরাজিত ছিলেন মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট থান্ডার : ২০ ওভারে ১৫৭/৪ ( আন্দ্রে ফ্লেচার ৩৭, রুবেল মিয়া ৩৯, জনসন চার্লস ১৭, রাদারফোর্ড ২৬*, মোহাম্মদ মিঠুন ০, মোসাদ্দেক হোসেন সৈকত ২৩*। রবি ফ্রাইলিঙ্ক ৪-০-৫৮-২ ও শহিদুল ৪-০-২৬-২)।
খুলনা টাইগার্স : ১৭.৫ ওভারে ১৫৮/২ (নাজমুল হোসেন শান্ত ৪১, মেহেদী হাসান মিরাজ ৮৭, রাইলি রুশো ১৫, মুশফিকুর রহিম ৩। ইবাদত ৪-০-২০-১ ও রাদারফোর্ড ১-০-৯-১)।
ফল : আট উইকেটে জয়ী খুলনা টাইগার্স।

ক্রীড়া প্রতিবেদক