দুর্দান্ত লিটনে উড়ে গেল মুশফিকের খুলনা
১৪৬ রানের ছোট লক্ষ্য! জবাব দিতে নেমে খুব একটা বেগ পেতে হলো না রাজশাহী রয়্যালসের। লিটন দাসের দারুণ ইনিংসে ভর করে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আন্দ্রে রাসেলের দল।
আজ সোমবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে সাত উইকেটে হারায় রাজশাহী রয়্যালস। এই জয়ের মাধ্যমে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে চলে গেল রাজশাহী। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা খুলনা নেমে গেল তৃতীয়তে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা। প্রথম ওভারের তৃতীয় বলে রহমতউল্লাহ গুরবাজকে চার রানে সাজঘরে পাঠান রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। একই ওভারে মেহেদী হাসান মিরাজকেও নিজের শিকার বানান রাসেল।
পঞ্চম ওভারে মুশফিকুর রহিমকে আউট করেন কামরুল ইসলাম রাব্বি। চারে নেমে মাত্র এক রান যোগ করেন খুলনার অধিনায়ক। একই ওভারে পরের বলে নাজমুল হোসেন শান্তকেও সাজঘরের পথ দেখান রাব্বি। দ্রুত সতীর্থদের হারিয়ে টিকলেন না আগের দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা রাইলি রুশো। ৩৫ রানে তাঁকে বিদায় করেন আফিফ হোসেন।
এরপর রবি ফ্রাইলিঙ্ক ও শামসুর রহমান মিলে হাল ধরেন খুলনার। ষষ্ঠ উইকেটে দুজন মিলে তোলেন ৬৭ রান। হাফসেঞ্চুরি স্পর্শ করলে শাসছুর রহমানকে বিদায় করেন রাসেল। ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। পরে ফ্রাইলিঙ্কের ব্যাটে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৪৫ রানে থামে খুলনা।
রাজশাহী রয়্যালসের পক্ষে বল হাতে ৩৭ রানের বিনিময়ে চার উইকেট নেন আন্দ্রে রাসেল। সমান দুটি করে নেন রবি বোপারা ও কামরুল ইসলাম রাব্বি। একটি নেন আফিফ হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৮তম ওভারে সাত উইকেটে জয় তুলে নেয় রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন লিটন দাস। ৪৪ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল পাঁচ বাউন্ডারি ও দুটি ছক্কা দিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন আন্দ্রে রাসেল। এ ছাড়া আফিফের ব্যাট থেকে আসে ২২ রান।

স্পোর্টস ডেস্ক