ফিটনেস পরীক্ষায় ব্যর্থ পান্ডিয়া!
সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদানপর্ব সেরেছেন কিছুদিন হয়েছে। তবে হার্দিক পান্ডিয়ার চোট কেমন আছে, কবে মাঠে ফিরবেন—তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। এরই মধ্যে খবর, ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। নিউজিল্যান্ড সফরের আগে তা বড় ধাক্কা।
কোহলিদের নিউজিল্যান্ড সফরের আগে ভারতের ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল হার্দিকের। কিন্তু তা হচ্ছে না।
অবশ্য পান্ডিয়ার ট্রেনার এস রজনীকান্ত জানিয়েছেন, হার্দিক এখন অনেকটাই ফিট। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলার চাপ এখন ওর না নেওয়াই ভালো। আরো কিছুদিন বিশ্রাম নিয়ে মাঠে নামলে ভালো।
আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের নিউজিল্যান্ড সফর। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টির পাশাপাশি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবেন কোহলিরা। নিউজিল্যান্ড সফরের জন্য ১৫ জনের বদলে ১৭ জনের দলও ঘোষণা করতে পারেন নির্বাচকরা। তবে অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হলেও সেখানে হার্দিকের সুযোগ পাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই কম।
এদিকে সার্বিয়ান অভিনেত্রী নাতাশার সঙ্গে পান্ডিয়ার প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত এই গুজব সত্যি হতে যাচ্ছে। নতুন বছরের শুরুতে পান্ডিয়া নিজেই জানিয়েছেন, প্রেমের সম্পর্কে বাঁধা পড়ছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট করে পান্ডিয়া এই সুখবর জানিয়েছেন। বলিউড অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে পান্ডিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আতশবাজির সঙ্গে বছর শুরু করছি।’ পরে তাঁরা বাগদানপর্ব সেরেছেন।
এর আগে বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। একান্ত সময় কাটানোর ছবিও ক্যামেরায় ধরা পড়ে। অবশ্য সেই সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি তাঁরা।
অবশ্য পান্ডিয়ার সঙ্গে এর আগে অনেকেরই সম্পর্কের গুজব শোনা গিয়েছিল। এবার সেসব গুজবের ইতি টানছে।
গত বছর অক্টোবরে পান্ডিয়ার পিঠে সফল অস্ত্রোপচার হয়েছে। সে সময় ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন, সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।
পিঠের চোট অনেক দিন ধরেই ভুগিয়েছিল তাঁকে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগেই চোট সেরে মাঠে ফিরেছিলেন তিনি। তবে গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা চলাকালীনই তাঁকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল। এরপর কয়েক মাস মাঠের বাইরে থাকেন পান্ডিয়া।
এর আগে একটি টিভি শোতে বিতর্কিত মন্তব্য করে নিষিদ্ধ হয়েছিলেন পান্ডিয়া। পরে নির্বাসন কাটিয়ে ফিরেছিলেন। এখন আবার চোটের কারণে খেলতে পারছেন না।

স্পোর্টস ডেস্ক