দুই সুপার ওভারের ম্যাচে আফগানদের কাঁদিয়ে জিতল দ.আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তান ম্যাচে নাটকীয়তার কোনো কমতি থাকল না। নির্ধারিত খেলা গড়াল সুপার ওভারে। সেখানেও এলো না কোনো ফলাফল। অপেক্ষা করতে হলো দ্বিতীয় সুপার ওভারের। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় সুপার ওভারে ট্রিস্টান স্টাবস আর ডেভিড মিলার মিলে আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারে ২৩ রান নিয়েছিল। জবাব দিতে নেমে আফগানিস্তান তুলতে পেরেছিল ১৯ রান।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই পরে রাউন্ড নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেলো আফগানদের।
শেষ ৩ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। কিন্তু এমন সমীকরণও মেলাতে পারেনি তারা। ২০তম ওভারের চতুর্থ বলে ২ রান নিতে গিয়ে রানআউট হন ফজলহক ফারুকি। আফগানিস্তান থামে স্কোর লাইন সমান করে। খেলা গড়ায় সুপারওভারে।
প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে আফগানিস্তান সংগ্রহ করে ১৭ রান। ৫ বলে ১৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। সেই রান তাড়ায় নেমে হারের শঙ্কা তৈরি করলেও ফারুকির শেষ বলে ছক্কা হাঁকান ট্রিস্টান স্টাবস। এতে সুপার ওভারেও ড্র হয়। খেলা গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।
এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ৮ বলে ৫ রান করে ফেরেন এইডেন মার্করাম।
সেই ক্ষত বড় হতে দেননি কুইন্টন ডি কক আর রায়ান রিকেল্টন। পাল্টা আক্রমণে উল্টো আফগানদের কোণঠাসা করেন এই দুজন। দ্বিতীয় উইকেটে গড়েন ১১৪ রানের জুটি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৪১ বলে ৫৯ রান করে ডি কক ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর রিকেল্টনও অবশ্য বেশি সময় উইকেটে থাকতে পারেননি। তার ঝড় থামান রশিদ খান। ২৮ বলে ৬১ রান করে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন তিনি। শেষ দিকে ডেওয়াল্ড ব্রেভিস (১৯ বলে ২৩), ডেভিড মিলারের (১৫ বলে ২০) আর মার্কো ইয়ানসনের (৭বলে ১৬) ইনিংসে ১৮৭ রানের পুঁজি দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।
রান তাড়ায় নেমে বাকিদের ব্যর্থতার ভীরে আফগানদের পথ দেখান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ইনিংস ওপেন করতে নেমে সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস খেলে আফগানিস্তানকে জয়ের আশা দেখান গুরবাজ। ৪২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। এর বাইরে ২০ রান করতে পেরেছে আর মাত্র দুইজন। ওমরজাই (১৭ বলে ২২) আর রশিদ খান (১২ বলে ২০)।
শেষ ওভারে ১৩ রান দরকার ছিল আফগানিস্তানের। প্রথম বলে ‘নো বল’ করেন কাগিসো রাবাদা। দ্বিতীয় বল করেন ‘ওয়াইড’। এরপর অবশ্য প্রথম বৈধ বলে কোনো রান হয়নি। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান নুর আহমেদ।
তৃতীয় বলে আবারও কোনো রান হয়নি। চতুর্থ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন ফজলহক। আফগানিস্তান থামে ১৮৭ রান।

স্পোর্টস ডেস্ক