বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে নাকাল ভারত
যুব বিশ্বকাপের ফাইনালে দারুণ শুরু করছিল বাংলাদেশ। আঁটসাঁট বোলিংয়ে ভারতকে বেশ চাপে ফেলেছিল বাংলাদেশের যুবারা। শুরুটা দারুণ হলেও প্রথম পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট নিতে পেরেছেন আকবররা। শুরুর ধাক্কা সামলে যশস্বী জয়সালের ব্যাটে ভালোই প্রতিরোধ গড়ে ভারত।
২৯ ওভারে সেই প্রতিরোধ ভাঙেন তানজিম হাসান সাকিব। ওভারের শেষ বলে সাকিবকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শরিফুলের হাতে ক্যাচ তুলে দেন তিলক ভার্মা। ফেরার আগে ৩৮ রান করেন তিনি। তবুও টিকে ছিলেন জয়সাল। ৪০তম ওভারে জয়সালের প্রতিরোধ ভাঙেন শরিফুল। ১২১ বলে ৮৮ রান করে ফেরেন ভারতীয় ওপেনার। একই ওভারের বলে ভীরকেও ফিরিয়ে দেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ছয় উইকেটে ১৬৮ রান।
ইনিংসের শুরুতে দুর্দান্ত বোলিংয়ে জয়সাল ও দিব্যানশ সক্সেনার পরীক্ষা নিয়েছিলেন শরিফুল-সাকিবরা। এর মধ্যে নিজের প্রথম ওভারে এসেই ভারতীয় শিবিরে আঘাত হানলেন অভিষেক দাস।
৬.৪ ওভারে ফিরিয়ে দেন সাক্সেনাকে। ফেরার আগে ১৭ বল খেলে দুই রান করেন ভারতীয় ওপেনার। প্রথম ১০ ওভারে ৪৯টি ডট বল খেলে মাত্র ২৩ রান তুলেছিল ভারত। সেখান থেকে দলকে নিয়ে এগিয়ে চলছেন জয়সাল। তাঁকে সঙ্গ দিচ্ছেন তিলক ভার্মা।
প্রতিপক্ষ শক্তিশালী ভারত। চরম উত্তেজনার সঙ্গে আছে ভয়ও। সেই ভয়কে জয় করার লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
যুব বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে আছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। আজ রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে হারাতে পারলেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের যুবারা।
ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপের ফাইনাল ভেবে বাড়তি চাপ নিচ্ছেন না তাঁরা। আট-দশটা সাধারণ ম্যাচের মতোই ফাইনাল মঞ্চে লড়তে চান বাংলাদেশ অধিনায়ক আকবর আলী।
যুব বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন ভারত। সেই বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়তে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ। তাই তো বাড়তি চাপ নিচ্ছে না বাংলাদেশ। আকবর বলেন, ‘ফাইনাল ম্যাচ হলেও এটাকে আমরা ফাইনাল বা বিশ্বকাপের ম্যাচ হিসেবে ভাবছি না। এ রকম চিন্তা করলে হয়তো বা চাপ আমাদের দিকে চলে আসতে পারে। পুরো টুর্নামেন্ট আমরা যেভাবে সাধারণ খেলা হিসেবে নিয়েছি, ফাইনালটাকেও সেভাবেই নেওয়ার চেষ্টা করব।’
তবে পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। ১৩ আসরে সপ্তম ফাইনাল খেলতে যাচ্ছে এশিয়ার দেশটি। গত বছর যুব এশিয়া কাপের ফাইনাল ও ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের।
তবে পুরোনো স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতেই মরিয়া বাংলাদেশ। অধিনায়ক বলেন, ‘ভারত দুর্দান্ত দল। তাদের ব্যাটিং, বোলিং দুই বিভাগই খুব ভালো। টুর্নামেন্টে তারা অপরাজিত, আমরাও। আশা করছি, ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা তাদের নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছি, সেগুলো যদি মাঠে বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে।’
গত বৃহস্পতিবার সেমিফাইনালে নিউজল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য পায় লাল-সবুজের দেশ। এর আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য ছিল মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির শেষ চার যাওয়া ও এশিয়া কাপের ফাইনাল। মেয়েদের ক্রিকেটে সেরা সাফল্য এশিয়া কাপ জয়। এ ছাড়া সাফল্যের খাতায় নেই বিশেষ কিছু। এবার সব ছাপিয়ে যুবাদের হাত ধরে নতুন সাফল্যের দেখার অপেক্ষায় লাল-সবুজের দেশ।

স্পোর্টস ডেস্ক