মাশরাফির সাহসিকতায় মুগ্ধ মাহমুদউল্লাহ
চোটের কাছে কখনোই হার মানেননি মাশরাফি বিন মুর্তজা। এবারও ব্যতিক্রম হয়নি। গত শনিবার বলের আঘাতে তাঁর বাঁ হাতে ১৪টি সেলাই দিতে হয়েছে। ১৪ সেলাই নিয়েই আজ সোমবার ঢাকার হয়ে খেলতে নামলেন মাশরাফি। শুধু খেলা নয়, একহাতে ক্যাচ নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
অথচ মাশরাফির মতো অবস্থা হলে, খেলার কথাই চিন্তা করতে পারতেন না বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ্। ক্রিকেট মাঠে মাশরাফির এমন সাহসিকতায় মুগ্ধ জাতীয় দলের সতীর্থ মাহমুদউল্লাহ্।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফি ভাইয়া ১৪টা সেলাই নিয়ে আজ মাঠে নেমেছেন। এটা একজন ক্রিকেটারের জন্য অবিশ্বাস্য। আমি উনার জাগায় থাকলে হয়তো এটা ভাবতামই না। খেলতেও পারতাম না।’
শুধু খেলার সাহসিকতা নয় পুরো ম্যাচেও দারুণ ছিলেন মাশরাফি। বিশেষ করে ১৪.৪তম ওভারে এক হাতে ক্যাচ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মাশরাফি। সেই বিশেষ ক্যাচ নিয়ে মাহমুদউল্লাহ্ বলেন, ‘মাশরাফি ভাই এই অবস্থা নিয়েও দারুণ খেলেছেন। এই হাত নিয়ে ভালো বোলিং করেছেন। বিশেষ করে গেইলের ক্যাচটা। গেইলের সেই ক্যাচটা এক হাতে উনি ধরেছেন। এটা অসাধারণ ছিল।’
এদিকে গত শনিবার যখন ইনজুরিতে পড়েন তখন থেকেই খেলার বিষয়ে অনড় ছিলেন মাশরাফি। ঢাকা-চট্টগ্রাম ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘যখন আমার হাত ফেটেছে তখন থেকেই খেলার বিষয়ে অনড় ছিলাম। আর ক্যাচের কথা বললে, দুই হাতে তো ধরার অপশন নেই। তবে খেলার সময় দুই হাত উঠে যায়। আমার মনে হয়, বলটা আস্তে ছিল তাই আমি ধরতে পেরেছি।’
প্রসঙ্গত গত শনিবার ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্সের মধ্যেকার ম্যাচে চোট পান মাশরাফি। ম্যাচের একাদশ ওভারে ঘটনাটি ঘটে। মেহেদী হাসানের বলে ব্যাট করছিলেন রাইলি রুশো। রুশোর শট নেওয়া বল উড়ে যাচ্ছিল কাভারে। সেখানে ছিলেন মাশরাফি। ঝাঁপিয়ে ক্যাচ নিতে গিয়ে পড়ে যান তিনি। ক্যাচ ধরতে পারেননি। বলের আঘাতে উল্টো যোগ হয়েছে ইনজুরি। মাঠের মধ্যেই মাশরাফির হাত থেকে রক্ত ঝরতে থাকে। সঙ্গে সঙ্গে ফিজিও এসে মাঠ থেকে নিয়ে যান তাঁকে। পরে হাসপাতালে নিয়ে হাতে সেলাই দেওয়া হয়।

ক্রীড়া প্রতিবেদক