ফাইনালে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে রাইজিং স্টারস নারী এশিয়া কাপ। টুর্নামেন্টের শুরু থেকেই রীতিমতো উড়ছে বাংলাদেশ ‘এ’ নারী দল। অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে ফাহিমা খাতুনের দল। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে মাঠে নামবে শিরোপার লড়াইয়ে।
বাংলাদেশ সময় আজ দুপুর ১টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে স্পোর্টজিফাই অ্যাপ-এ।
ক্রিকেট মাঠে বাংলাদেশ ও ভারতের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে মাঠের এই লড়াইয়ে রোমাঞ্চের নতুন মাত্রা যোগ হয়েছে। তবে মাঠের বাইরের আলোচনা দূরে সরিয়ে মাঠের ক্রিকেটে সেরাটা দিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ দল।
এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১১০ রান তুললেও, বোলারদের নৈপুণ্যে ৫৪ রানের বিশাল জয় পায় টাইগ্রেসরা।
অন্যদিকে, ভারতও বেশ শক্তিশালী দল। গ্রুপ পর্বে একটি ম্যাচ হারলেও বাকি তিনটিতেই জয় পেয়েছে তারা। তবে ফাহিমা খাতুন, লতা মণ্ডল ও শারমিন সুলতানাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ফর্মে থাকায় নির্ভার রয়েছে বাংলাদেশ শিবির।
ফাইনালে নামার আগে দলের প্রতিনিধি হয়ে স্পিনার সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগছে। টানা জয়ের পর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনালে এসেছি। সবাই যার যার জায়গা থেকে অবদান রাখায় এতদূর আসা সম্ভব হয়েছে।’
মেঘলা আরও যোগ করেন, ‘ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে দলগতভাবে খেলা। আমরা যেন দলের চাহিদা অনুযায়ী পারফর্ম করে শিরোপা জিততে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

স্পোর্টস ডেস্ক