শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৩৫ রান
দারুণ বোলিংয়ে শুরুতেই ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। দ্রুতই তুলে নিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত ‘এ’ নারী ক্রিকেট দল।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) রাইজিং স্টারস নারী এশিয়া কাপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে ভারত।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ৩০ রান তুলে ফেলেছিল। এরপর ঘুরে দাঁড়িয়ে দ্রুতই চার উইকেট তুলে নেয় বাংলাদেশ।
ওপেনার দিনেশ ভ্রিন্দাকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন ফাতেমা জাহান। ১৭ বলে ১৯ রান করা এই ব্যাটারকে বোল্ড করে ফেরান তিনি।
এরপর ষষ্ঠ ওভারে পরপর দুই বলে দুই উইটেক তুলে বাংলাদেশ। ওভারের প্রথম বলে দারুণ এক রান আউট হয়ে ফেরেন নন্দিনী কেশাপ (১৫ বলে ৮)। দ্বিতীয় বলে বলে গোল্ডেন ডাক বানিয়ে বিদায় দেন মিন্নু মানিকে।
তিন নম্বরে নামা আনুষ্কা শর্মাকেও বেশি সময় উইকেটে থাকতে দেননি ফারজানা ইয়াসমিন। ১২ বলে ৮ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি। এতে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত।
এরপর ধ্বংস্তূপের ওপর দাঁড়িয়ে প্রতিরোধ গড়েন ভারতের দুই ব্যাটার তেজাল হাজাবনিস ও রাধা যাদব। দুজন মিলে গড়েন ৬৯ রানের জুটি। এরপর আক্রমণাত্মক হতে গিয়ে ফেরেন রাধা। ৩০ বলে ৩৬ রান করা ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন।
এরপর বাকিরা যাওয়া-আসার ভিড়ে থাকলেও একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করে যান তেজাল। তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরিও। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৪ বলে ৫১ রানে। তার ব্যাটে ভর করে বাংলাদেশের সামনে ১৩৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় ভারত।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন অধিনায়ক ফাহিমা। সমান একটি করে উইকেট গেছে ফারজানা ও ফাতিমার ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক