মিঠুনের পর মিজানুরের সেঞ্চুরি
দিনের শুরুটা জোড়া সেঞ্চুরিতে রাঙাল ওয়ালটন মধ্যাঞ্চল। আজ সোমবার এবারের বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম সেঞ্চুরিটি তুলে নেন মোহাম্মদ মিঠুন। তাঁর সেঞ্চুরি করার কিছুক্ষণ পরেই শতক স্পর্শ করেন মধ্যাঞ্চলের আরেক ওপেনার মিজানুর রহমান। দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে বিসিএলের প্রথম রাউন্ডে দাপুটে শুরু করেছে ওয়ালটন মধ্যাঞ্চল।
বিসিবি নর্থজোনের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ালটনের হয়ে খেলা দুই ওপেনার মিঠুন ও মিজানুর। শুরুতে কিছুটা দেখে শুনে খেললে টি-টোয়েন্টি স্টাইলে তানভীর হায়দারকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন মিজানুর। তিন অঙ্কের ঘরে যেতে ১৬৩ বল খেলেছেন এ ওপেনার। মিজানুরের আগে দিনের শুরুতে সেঞ্চুরি হাঁকান মিঠুন। দুই ওপেনারের সেঞ্চুরিতে ছুটছে ওয়ালটন মধ্যাঞ্চল।
গতকাল প্রথম রাউন্ডের শুরুর দিনই দারুণ কেটেছে ওয়ালটন মধ্যাঞ্চলের। প্রথম দিনই বিসিবি উত্তরাঞ্চলকে অলআউট করে শুরু করে তাঁরা। এরপর মিঠুন এবং মিজানুর রহমানের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে দলটি।
৪৩ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিন শুরু করেন মিঠুন। দিনের শুরুতেই স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। এরপর পৌঁছে যান শতকের ঘরে। তিন অঙ্কের ঘরে যেতে মিঠুনের লেগেছে ১৪৫ বল। প্রথম শ্রেণির ক্রিকেট এটি তাঁর ১৩তম সেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম বার ওপেনিংয়ে নেমেছেন মিঠুন। আর, নতুন পজিশন পেয়েই জ্বলে উঠেছেন তিনি। তারঁ সঙ্গে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন আরেক ওপেনার মিজানুর রহমানও।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতকাল রোববার ২১৯ রানে গুটিয়ে যায় উত্তরাঞ্চল। সর্বোচ্চ ৪৬ রান করেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া মার্শাল আইয়ুব ৩৫ ও তানজীদ হাসান তামিম ৩২ রান করেন। বল হাতে ৩ উইকেট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চলের সফলতম বোলার হন রবিউল হক।
এরপর ব্যাট করতে নেমে উইকেট না হারিয়ে ৬১ রান নিয়ে দিন শেষ করে ওয়ালটন মধ্যাঞ্চল। আজ ৬১ রান থেকে শুরু করে দারুণভাবে এগিয়ে যাচ্ছে তারা। দুই ওপেনারের ব্যাটে এই মুহূর্তে ২০০ ছাড়িয়ে গেছে ওয়ালটন মধ্যাঞ্চল।

স্পোর্টস ডেস্ক