শঙ্কা কাটিয়ে রাজকোটের আকাশে ঝলমলে রোদ
প্রথম ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল দিল্লির বায়ুদূষণ। সেখানকার স্থানীয় পরিবেশবিদরা ম্যাচটি দিল্লি থেকে সরানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই মাঠে গড়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। বায়ুদূষণকে এড়িয়ে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় লাল-সবুজের দল।
দিল্লির দূষিত নগরী ছেড়ে বাংলাদেশের ঠিকানা এখন ভারতের রাজকোটে। এখানেও শঙ্কা জাগায় নতুন বাধা। কয়েক দিন ধরে রাজকোটেও চোখ রাঙাচ্ছিল ঘূর্ণিঝড় ‘মাহা’। আরব সাগর থেকে উঠে আসা এই ঘূর্ণিঝড় মাহার প্রভাবে রাজকোটে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল।
তবে আপাতত সব শঙ্কা কেটে গেছে। স্বস্তির খবর হলো, ঘূর্ণিঝড় মাহা দিক বদলে গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে কর্ণাটক, তামিলনাড়ুর দিকে সরে গেছে।
আজ বৃহস্পতিবার রাজকোটের আকাশে শঙ্কার মেঘ সরে দেখা গেছে ঝলমলে রোদ। তাতে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আপাতত কোনো সংশয় নেই। শেষ মুহূর্তে অস্বাভাবিক কিছু না হলে নির্ধারিত সময়েই গড়াতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি।
এই ম্যাচ বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার দিন। আজ ভারতকে হারাতে পারলেই প্রথমবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। তাই কোনো পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে আগের ম্যাচের একাদশেই চোখ থাকতে পারে টিম ম্যানেজমেন্ট। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

স্পোর্টস ডেস্ক