সৌম্যদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ব্যাট হাতে ঝড় তুললেন ওপেনার মোহাম্মদ শেহজাদ। মাত্র ২৭ বলে খেললেন ৬১ রানের ইনিংস। বাকি ব্যাটসম্যানদের কেউই ইনিংস বড় করতে পারেননি। তবে এবিল-নবিদের ছোট ছোট সংগ্রহে কুমিল্লা ওয়ারিয়র্সের সামনে শেষ পর্যন্ত ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য রেখেছে রংপুর রেঞ্জার্স।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ফেলেছে রংপুর রেঞ্জার্স। দুই ম্যাচের দুটিতেই হেরেছে। হারের ক্ষত ভুলে চট্টগ্রাম পর্বে নিজেদের ভাগ্য বদলাতে চায় দলটি। অন্যদিকে সমান দুই ম্যাচ খেলে একটিতে হার, অপরটিতে জিতেছে কুমিল্লা।
আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ওয়ারিয়র্সকে বোলিংয়ে পাঠায় রংপুর রেঞ্জার্স। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হয় রেঞ্জার্সদের। রানের দেখা পান গত দুই ম্যাচে ব্যর্থ মোহাম্মদ শেহজাদ। মোহাম্মদ নাঈমকে নিয়ে শুরুর জুটিতে ৪৯ রান তোলেন তিনি। পঞ্চম ওভারে নাঈমের রানআউটে ভাঙে ওপেনিং জুটি। আগের দিন ৭৮ রান করা নাঈম ফিরে যান ৮ রানে।
এর মাঝে হাফসেঞ্চুরি তুল নেন শেহজাদ। পঞ্চাশ ছাড়ানোর পর অবশ্য বেশিদূর যেতে পারেননি তিনি। নবম ওভারের প্রথম বলে তাঁকে সাজঘরের পথ দেখান সানজামুল ইসলাম। ফেরার আগে মাত্র ২৭ বলে ৬১ রান করেন শেহজাদ।
এরপর অবশ্য নিয়মিত উইকেট হারাতে থাকে রংপুর। একে একে ফিরে যান টম এবিল, আল-আমিন, মোহাম্মদ নবি। গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের হারিয়ে সংগ্রহ বড় করতে পারেনি দলটি। ফলে নির্ধারিত ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে রংপুর রেঞ্জার্স।
বল হাতে কুমিল্লার হয়ে ২৫ রানের বিনিময়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মুজিবুর রহমান। সমান একটি করে নিয়েছেন সৌম্য সরকার, আল-আমিন ও সানজামুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক