বাংলাদেশের অনুপ্রেরণার নাম ‘ফতুল্লা’
২০০৬ সালে বাংলাদেশ ছিল ক্রিকেট বিশ্বের ‘চুনোপুঁটি’। সে বছরের এপ্রিলে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ৪৩তম টেস্ট খেলতে নেমেছিল। আগের ৪২টি টেস্টের মধ্যে বাংলাদেশ হেরেছিল ৩৫টিতেই। ঠিক সে সময় ‘দোর্দণ্ড প্রতাপশালী’ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়ার্নদের বিপক্ষে স্বাগতিকদের উড়ে যাওয়ার শঙ্কা ছিল অনেকের। তবে সবাইকে অবাক করে বাংলাদেশ দারুণ লড়াই করে তিন উইকেটে হার মেনেছিল সেই ম্যাচে।
সেটাই ছিল ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ও শেষ টেস্ট। দীর্ঘ নয় বছর পর সেই ফতুল্লায় টেস্ট ক্রিকেট ফিরছে। ভারতের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে মুশফিক-সাকিব-তামিমদের অনুপ্রেরণা হতে পারে পূর্বসূরী শাহরিয়ার নাফিস, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিকদের দুর্দান্ত পারফরম্যান্স।
বাংলাদেশের বর্তমান টেস্ট দলের কারোরই তখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সে সময় টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবতে হতো প্রায়ই। অন্যদিকে অস্ট্রেলিয়া ছিল রীতিমতো অপ্রতিরোধ্য। কিন্তু ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেটাররা ঘুচিয়ে দিয়েছিলেন দুই দলের ব্যবধান।
টস জিতে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফিসের অভিষেক টেস্ট সেঞ্চুরির (১৩৮) সঙ্গে অধিনায়ক হাবিবুল বাশার (৭৬) ও রাজিন সালেহর (৬৭) দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের যোগফলে প্রথম ইনিংসে ৪২৭ রান করেছিল স্বাগতিকরা। সর্বকালের সেরা লেগস্পিনার শেন ওয়ার্ন এবং আরেক লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে দারুণ দক্ষতায় মোকাবিলা করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের তুলনায় অনেক বিখ্যাত ওয়ার্নকে পেছনে ফেলে ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন ম্যাকগিল, ১০৮ রানের বিনিময়ে নিয়েছিলেন আট উইকেট।
বল হাতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল আরো চমকজাগানো। বাঁ-হাতি স্পিনার রফিকের (৫/৬২) ঘূর্ণিতে নাজেহাল হয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৬৯ রানে। তবে ১৫৮ রানের লিড পেলেও বাংলাদেশ অঘটনের জন্ম দিতে পারেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪৮ রানে।
৩০৬ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ অবশ্য দারুণ লড়াই চালিয়েছিল। কিন্তু রফিকের (৪/৯৮) আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সও জয় এনে দিতে পারেনি হাবিবুল বাশারের দলকে। পন্টিংয়ের অপরাজিত ১১৮ রানের অধিনায়কোচিত ইনিংস অস্ট্রেলীয়দের এনে দিয়েছিল নাটকীয় জয়।
গত নয় বছরে অনেক বদলে গেছে বাংলাদেশের ক্রিকেটে। একসময় পঞ্চম দিনে খেলা নিয়ে যাওয়াই যেখানে বিশাল বলে বিবেচিত হতো সেখানে এখন প্রতিটা ম্যাচেই জয়ের জন্য মাঠে নামে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে মুশফিকুর রহিমের দল। আর এবার নয় বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই লড়াই বাংলাদেশকে অনুপ্রাণিত করবেই।

স্পোর্টস ডেস্ক