টেইলর-উইলিয়ামসনের শতকে নিউজিল্যান্ডের জয়
লক্ষ্য নেহাত কম ছিল না—৩০৩ রান। তবে রস টেইলর ও কেইন উইলিয়ামসনের দুটি অনবদ্য শতকে এই লক্ষ্যে পৌঁছাতে তেমন সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারানোয় পাঁচ ম্যাচের সিরিজে কিউইরা এখন ২-১ ব্যবধানে এগিয়ে। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ২১০ রানে ও পরেরটায় নিউজিল্যান্ড ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১৩ রানে জিতেছিল।
সাউথ্যাম্পটনের রোজ বোলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ডের কেউ শতক করতে পারেননি। তবু অধিনায়ক ওয়েন মরগ্যান (৭১), বেন স্টোকস (৬৮) ও জো রুটের (৫৪) তিনটি অর্ধশতক ৩০২ রান এনে দিয়েছে ইংলিশদের। সংগ্রহটা অবশ্য আরো বড় হতে পারত। কিন্তু ১৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৫.২ ওভারে অলআউট হয়ে গেছে স্বাগতিক দল। কিউইদের বোলিং সূচনা করা দুই পেসার টিম সাউদি ও বেন হুইলার তিনটি করে উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ওয়ানডেতেও শতক করে দলকে জয় এনে দেওয়ার পথে উইলিয়ামসনের সঙ্গে ১২১ রানের জুটি গড়েছিলেন টেইলর। রোববার এই দুই ডানহাতি ব্যাটসম্যান গড়লেন ২০৬ রানের জুটি। ওয়ানডেতে এটাই নিউজিল্যান্ডের রেকর্ড তৃতীয় উইকেট জুটি। আগের রেকর্ডটা ছিল কেন রাদারফোর্ড ও অ্যাডাম প্যারোরের ১৮০ রানের, ২১ বছর আগে ভারতের বিপক্ষে।
টেইলর-উইলিয়ামসনের দৃঢ়তার জন্যই দলীয় ৩৬ রানে দুই ওপেনারকে হারালেও এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। ১২৩ বলে ১২টি চারে ১১০ রান করেছেন টেইলর। উইলিয়ামসনের ১১৩ বলে ১১৮ রানের আক্রমণাত্মক ইনিংসটা গড়ে উঠেছে ১২টি চার ও একটি ছক্কায়। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।
১৭ জুন নটিংহ্যামের ট্রেন্টব্রিজে চতুর্থ এবং ২০ জুন ডারহ্যামের চেস্টার-লি-স্ট্রিটে পঞ্চম ও শেষ ওয়ানডে হবে।

স্পোর্টস ডেস্ক