যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ট্রাম্পের অনুপস্থিতি ঘিরে কৌতূহল
ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ শুরুর আগ থেকেই নিয়মিতভাবে টুর্নামেন্ট নিয়ে খোঁজখবর রাখছিলেন। এমনকি ফিফা সভাপতির সঙ্গেও তার একাধিকবার আলাপচারিতার খবরও গণমাধ্যমে এসেছিল। তবে সেই তিনিই দেশের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকছেন না। এ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
লস অ্যাঞ্জেলেসের ইনগলউডে আজ শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর সকাল ৭টায় শুরু হচ্ছে বিশ্বকাপের আরেকটি অধ্যায়। স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচ ঘিরে যখন ফুটবল বিশ্বে উত্তেজনার ঢেউ, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি।
বিশ্বকাপ টাস্ক ফোর্সের সিইও অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ব্যস্ত সময়সূচির কারণে ট্রাম্প উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকতে পারছেন না। যুক্তরাজ্যের টকস্পোর্টকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রেসিডেন্ট পুরো টুর্নামেন্টজুড়েই যুক্ত থাকবেন, তবে এই সপ্তাহান্তে তাকে ওয়াশিংটন ডিসিতে থাকতে হবে। হোয়াইট হাউসে আয়োজন করা হচ্ছে ‘ফ্রিডম ২৫০’ নামে একটি এমএমএ ইভেন্ট, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর এবং ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানের এমন অনুপস্থিতি নতুন নয়। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামও নিজের দেশের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে যাননি। তবে তিনি তার টিকিট একজন সাধারণ দর্শককে দিয়ে মানবিক বার্তা দিয়েছেন। এরপর তিনি বলেন, ফুটবলাররা প্রেসিডেন্ট নয় পুরো দেশকে প্রতিনিধিত্ব করেন।

স্পোর্টস ডেস্ক