নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতালেন বাংলাদেশি সঞ্জয়
কানাডায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা। উৎসবের আমেজে দেশজুড়ে তৈরি হয়েছে ফুটবলের আবহ। উদ্বোধনী অনুষ্ঠানটি শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সেখানে তুলে ধরা হয়েছে কানাডার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যও। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হওয়ায় তা দর্শকদের মন ছুঁয়ে যায়।
উদ্বোধনী মঞ্চে আলোচনার কেন্দ্রে ছিলেন আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় শিল্পী উইলিয়াম প্রিন্স। তার গান ও পরিবেশনায় ফুটে ওঠে কানাডার ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য।
তবে দর্শকদের বাড়তি নজর কেড়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। তার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন বাংলাদেশি বংশোদ্ভূত র্যাপার ও ডিজে সঞ্জয়। তাদের প্রাণবন্ত পরিবেশনা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের শিকড়ের একজন শিল্পীর উপস্থিতি অনেকের কাছেই গর্বের বিষয় হয়ে ওঠে।
সঙ্গীতের এই আয়োজনকে আরও বর্ণিল করে তোলেন কানাডার জনপ্রিয় শিল্পীরা। অ্যালানিস মরিসেট, ব্রায়ান অ্যাডামস, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, জেসি রেয়েজ ও অ্যাভ্রিল ল্যাভিনসহ অনেকেই গান পরিবেশন করেন।
এর আগে মেক্সিকোতে বিশ্বখ্যাত শিল্পী শাকিরার পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকাপ ২০২৬-এর উৎসব শুরু হয়। পরে কানাডার টরোন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে নীল আকাশের নিচে লাল ফুলে সাজানো মঞ্চে অনুষ্ঠিত হয় কানাডার উদ্বোধনী অনুষ্ঠান। সংক্ষিপ্ত হলেও সেটি ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়।
তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। কানাডা এই আসরে ১৩টি ম্যাচ আয়োজন করবে। বর্ণিল এই উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হলো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসবের নতুন অধ্যায়।

স্পোর্টস ডেস্ক