গল টেস্টে শ্রীলঙ্কার ধীরগতির ব্যাটিং
প্রথম দিন বৃষ্টির জন্য একটি বলও হতে পারেনি। মাঠ ভেজা থাকায় দ্বিতীয় দিন খেলা শুরু হয়েছে প্রায় দুই ঘণ্টা দেরিতে। গলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ‘ধীরে চল’ নীতি মেনে এগোচ্ছে। বৃহস্পতিবার ৬৪ ওভার ব্যাট করার সুযোগ পাওয়া স্বাগতিকরা ৩ উইকেটে ১৭৮ রান নিয়ে দিন শেষ করেছে।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কানদের শুরুটা তেমন ভালো হয়নি। দিনের ত্রয়োদশ ওভারে দিমুথ করুনারত্নেকে (২১) উইকেটরক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন ওয়াহাব রিয়াজ।
তবে ৩০ রানে উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার ধাক্কা শ্রীলঙ্কাকে বুঝতেই দেননি অন্য ওপেনার কৌশল সিলভা ও অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়েছেন দুজনে।
যদিও ৫২তম অর্ধশতক করার ঠিক পরই ফিরতে হয়েছে সাঙ্গাকারাকে। ঠিক ৫০ রান করে ওয়াহাবের বলে স্লিপে ইউনিস খানের হাতে ধরা পড়েছেন তিনি। চার নম্বরে নামা লাহিরু থিরিমান্নে বেশিক্ষণ টিকতে পারেননি, মাত্র ৮ রান করে মোহাম্মদ হাফিজের বলে মিডঅনে ক্যাচ দিয়েছেন জুলফিকার বাবরকে। টেস্টে এটা হাফিজের ৫০তম উইকেট।
সিলভার প্রতিরোধ অবশ্য ভাঙতে পারেনি পাকিস্তান। দিনশেষে এই ডানহাতি ওপেনার ৮০ রানে অপরাজিত। অন্য প্রান্তে ১০ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্পোর্টস ডেস্ক