মাশরাফির বিদায়ী ম্যাচে নেই তামিম
সকাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, মাশরাফি বিন মুর্তজার বিদায়ী ম্যাচে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই বাঁহাতি ওপেনার খেলতে পারছেন না। পিঠের ব্যথার কারণেই একাদশে জায়গা হয়নি তাঁর।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তামিমের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
আর একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তাঁর জায়গায় নেওয়া হয়েছে অফস্পিনার মেহেদী হাসান মিরাজকে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। তবে সব কিছু ছাপিয়ে আজ সবার দৃষ্টি মাশরাফি বিন মুর্তজার দিকে। এটি তাঁর বিদায়ী টি-টোয়েন্টি।
অবশ্য এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটহাতে খুব একটা উজ্জ্বলতা ছড়াতে পারেননি তামিম। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন তিনি।
অবশ্য ওয়ানডে ও টেস্টে সিরিজে ব্যাটহাতে দারুণ খেলেছিলেন তামিম। ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানেতে দারুণ একটি সেঞ্চুরি (১২৭) করেছিলেন। আর টেস্ট সিরিজের দুই ম্যাচেই ভালো খেলেছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক