ধোনিকে কটাক্ষ করে গোয়েনকার টুইট!
ধোনিকে বাদ দিয়ে স্টিভেন স্মিথকে অধিনায়ক করায় আগে থেকেই রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিক সঞ্জীব গোয়েনকার ওপর দারুণভাবে খেপেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। মনে করা হয়, এই সিদ্ধান্তের পেছনে সঞ্জীবের ছোট ভাই হর্ষ গোয়েনকারও হাত রয়েছে। সেই বিতর্কের অবসান হতে না হতে আবার আলোচনায় পুনে সুপারজায়ান্টস। মহেন্দ্র সিং ধোনিকে কটাক্ষ করে টুইট করেছেন হর্ষ। এই ঘটনায় ভারতজুড়ে দারুণ সমালোচিত হচ্ছে গোয়েনকা পরিবার।
আইপিএলে গত পরশু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পুনে সুপারজায়ান্টস। ৫৪ বলে ৮৪ রান করে আসরে পুনেকে ভালো সূচনা এন দিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এরপরই টুইটারে ধোনিকে কটাক্ষ করে বসেন হর্ষ গোয়েনকা। তিনি লিখেছেন, ‘স্মিথ প্রমাণ করে দিলেন তিনিই জঙ্গলের রাজা। স্মিথের সামনে ছায়া হয়ে ছিলেন ধোনি। অধিনায়কোচিত ইনিংস। স্টিভকে অধিনায়ক করা সিদ্ধান্তটা ভালো ছিল।’
এরপরই ধোনির পক্ষে সরব হয়ে ওঠেন ভক্তরা। সবাই এই টুইটে কড়া প্রতিক্রিয়া জানান। অনেকে তো গালাগালও করেছেন এই ব্যবসায়ীকে। পরে চাপে পড়ে টুইট সরিয়ে নিতে বাধ্য হন হর্ষ গোয়েনকা। আর একটি টুইট করে বিতর্কটা চাপা দিতে চান হর্ষ। সেখানে তিনি বলেন, ধোনি একজন তারকা। আমাদের দেশের ক্রিকেটকে তিনি সমৃদ্ধ করেছেন।’ তবে সেখানেও স্মিথকে টেনে আনেন তিনি। বলেন, ধোনি গ্রেট ব্যাটসম্যান, কিন্তু আজ স্মিথের দিন ছিল।’

স্পোর্টস ডেস্ক