এবার র্যাংকিং ভাবনাও আছে বাংলাদেশের
বরাবরই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মুখে শোনা যেত, ‘র্যাংকিং নিয়ে খুব একটা ভাবছি না আমরা।’ মুখে না বললেও র্যাংকিং যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই অনুধাবন করতেন তিনি। অবশ্য এবার র্যাংকিং ভাবনাটা প্রকাশ পেল নড়াইল এক্সপ্রেস-খ্যাত এই পেসারের কণ্ঠে। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাংকিংয়ে আট নম্বরের মধ্যে অবস্থান ধরে রাখতেই হবে।
আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে। আর রেটিং পয়েন্ট ৯২। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে কোন আট দল, সেটি নির্ধারিত হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে।
স্বাগতিক ইংল্যান্ড এবং সে সময়ে র্যাংকিংয়ের শীর্ষ সাত দল পাবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। অন্য দুটি দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।
এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। র্যাংকিংয়ের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। তা ছাড়া আন্তর্জাতিক ম্যাচ, জিতলে তো আত্মবিশ্বাস বাড়বে।’
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে। স্বাগতিক দল ছাড়াও এ সিরিজের অপর দল নিউজিল্যান্ড। ১২ থেকে ২৪ মে বসছে আসরটি। এরপর ১ এপ্রিল থেকে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ইংল্যান্ডে।

ক্রীড়া প্রতিবেদক