ওয়ার্নারের শতকে কলকাতাকে হারাল হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নারের শতকে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে কেকেআরকে ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ভালোভাবেই প্লে অফে সম্ভাবনা বাঁচিয়ে রাখল মুস্তাফিজুর রহমানের দল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নারের ৪৩ বলে করা সেঞ্চুরির সুবাদে ২০ ওভার শেষে ২০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জবাবে মাত্র ১৬১ রানেই শেষ হয় কলকাতার ইনিংস।
রাজীব গান্ধী স্টেডিয়ামে ২১০ রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে কলকাতা। ১২ রানের মধ্যেই দু্ই ওপেনার সুনীল নারাইন ও গৌতম গম্ভীরকে হারায় সাকিব আল হাসানের দল। এরপর মণীষ পাণ্ডে ও রবিন উথাপ্পা ইনিংসটাকে এগিয়ে নিয়ে চললেও দলীয় ৯০ রানে ২৯ বলে ৩৯ রান করা মণীষ পাণ্ডে ফিরে গেলে জয়ের স্বপ্নটা ফিকে হয়ে আসে কলকাতার। এরপর দলীয় ১০৯ রানে উথাপ্পা ফিরে আসেন। ২৮ বলে ৫৩ রান করেন এই ব্যাটসম্যান। এরপরই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় কলকাতা। বাকি ব্যাটসম্যানরা বেশি কিছু করতে না পারায় ২০ ওভারে ১৬১ রানেই থেমে যায় কলকাতা নাইট রাইডার্সের ইনিংস।
হায়দরাবাদের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ ও সিদ্ধার্থ কৌল নেন দুটি করে উইকেট।
এর আগে ঘরের মাঠে ব্যাট করতে নেমে কলকাতার বোলাদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিতে শুরু করেন ওয়ার্নার। ২০ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। পরের হাফ সেঞ্চুরিটি করেন ২৩ বলে। ওয়ার্নার শেষ পর্যন্ত ৫৯ বলে করেন ১২৬ রানের অসাধারণ এক ইনিংস। ১০টি চার ও ৮টি ছয় মারেন এই অসি ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে শিখর ধাওয়ানকে নিয়ে ১৩৯ রানের জুটি গড়েন তিনি। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেন উইলিয়ামসন করেন ২৫ বলে ৪০ রান। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ২০৯ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।

স্পোর্টস ডেস্ক