পাকিস্তানের সামনে বাধা হয়ে দাঁড়ালেন চেজ
নিজেদের ৬৫ বছরের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনই টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। এবার সেই মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে এশিয়ার অন্যতম পরাশক্তিটি। বার্বাডোসে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই সেই লক্ষ্যের দিকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল পাকিস্তান। টস হেরে বোলিং করতে নেমে ৩৭ রানেই ক্যারিবীয়দের তিন ব্যাটসম্যানতে ফেরত পাঠান আমির-আব্বাসরা। কাইরন পাওয়েল খানিকটা প্রতিরোধ গড়লেও পাকিস্তানের পেস গোলার সামনে একটা পর্যায়ে ১০৭ রানেই ৫ ব্যাটসম্যান হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তবে বিপর্যয়টা আর বাড়তে দেননি রোস্টন চেজ। দুর্দান্ত এক সেঞ্চুরি করে প্রথম দিনের লড়াইয়ে দলকে টিকিয়ে রেখেছেন এই অলরাউন্ডার।
বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল ভয়াবহ। পঞ্চম ওভারে কালোর্স বার্থওয়েটকে ফিরিয়ে দিয়ে ম্যাচটা পাকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়ার আভাস দেন মোহাম্মদ আমির। এর পরের ওভারে হেটমেয়ারকে ফেরান মোহাম্মদ আব্বাস। ১৭তম ওভারে দলীয় ৩৭ রানে সাই হোপকে ফেরান ওয়াসির শাহ। টপ অর্ডার হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন ধুঁকছে। এরপর ৬৫ রানের জুটিবেঁধে ইনিংসটাকে সামলান কাইরন পাওয়েল ও রোস্টন চেজ। দলীয় ১০২ রানে পাওয়েলকে ফেরান আমির। কয়েক ওভার বাদে ভিসাউল সিংকে ফেরান আব্বাস। ১০৭ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর প্রতিরোধ গড়েন শেন ডরউইচ ও চেজ। জুটির রানটা ৪৭ হতেই চেজকে একা করে ফিরে যান ডরউইচ। দিনের বাকি গল্পটুকু চেজ ও অধিনায়ক জেসন হোল্ডারের। ১৩২ রানের জুটি গড়ে দিনটা শেষ করেছেন এই দুজন। চেজ ১৩১ ও জেসন হোল্ডার ৫৮ রানে অপরাজিত রয়েছেন। এ ছাড়া কাইরন পাওয়েল ৩৮, ডরউইচ ২৯ রান করেন।
পাক বোলারদের মধ্যে আমির ও আব্বাস নেন দুটি করে উইকেট। এ ছাড়া ইয়াসির শাহ ও শাদাব খান নেন দুটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক