জহুরুল-এনামুলের ব্যাটে গাজীর টানা ষষ্ঠ জয়
যেন হারতেই ভুলে গেছে গাজী ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জিতল মমিনুল-এনামুলের দল। বুধবার লিগে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারাল গাজী ক্রিকেটার্স। বিকেএসপির- তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানের বড় সংগ্রহ গড়ে আপসেটের আভাস দিচ্ছিল পারটেক্স। তবে তারকানির্ভর গাজীর সামনে সেটা খুব বড় লক্ষ্য হয়নি। এক ওভার হাতে রেখেই ম্যাচটা সহজেই জিতে নেন মমিনুলরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো গাজী। আর পারটেক্সের এটি টানা ষষ্ঠ হার।
২৭১ রানের পেছনে ছুটতে গিয়ে এনামুল হক বিজয় ও জহুরুল হক অমি মিলে ৬৮ রান যোগ করেন। জাকারিয়ার বলে ৩৮ বলে ৩৬ রান করা এনামুল আউট হলেও থামেননি জহুরুল ইসলাম। দ্বিতীয় উইকেট জুটিতে মমিনুল হকের সঙ্গে ৪৯ ও এরপর তৃতীয় উইকেটে সোহরাওয়ার্দী শুভর সঙ্গে আরো ৭৪ রান যোগ করেন জহুরুল। ১২২ বলে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলে জহুরুল যখন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন গাজী ক্রিকেটার্স তখন জয়ের অনেক কাছে। শেষের দিক ফারুক ও নাঈম ইসলাম জহুরুল মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এনামুল হক বিজয় ৩৬, সোহরাওয়ার্দী শুভ ৩৪ ফারুক হোসেন ২৯ ও নাঈম ইসলাম জুনিয়র করেন ১৩ রান।
পারটেক্সের রাজিবুল ইসলাম ও জুবায়ের আহমেদ নেন দুটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ ব্যাটিং করেন পারটেক্সের ব্যাটসম্যানরা। জতিন সাক্সেনা ও ইরফান শুক্কুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কোরে ২৭০ রান যোগ করে পারটেক্স।
যতীন সাক্সেনা ৬১, ইরফান শুক্কুর ৬৯, জনি তালুকদার ৩৪, জাকারিয়া মাসুদ ২৩ রান করেন। গাজী ক্রিকেটার্সের আবু হায়দার ও হোসেন আলী নেন দুটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক