ভারতকে পাকিস্তানের আইনি নোটিশ
ক্রিকেট মাঠে দীর্ঘদিন ধরেই দেখা যায় না ভারত-পাকিস্তানের জমজমাট লড়াই। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। ২০১৪ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে একটা চুক্তিপত্র স্বাক্ষর হলেও পরে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েনের কারণে সেটা আর বাস্তব রূপ পায়নি। তবে মাঠের লড়াইয়ে দেখা না গেলেও ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে শুরু হয়ে যেতে পারে আইনি লড়াই।
২০১৪ সালে স্বাক্ষরিত চুক্তিপত্র না মানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আইনি মামলার হুমকিটা অনেক দিন ধরেই দিচ্ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেটা সত্যিই করতে যাচ্ছে তারা। ভারতের সঙ্গে সিরিজ খেলতে না পারার জন্য বিপুল অঙ্কের টানা লোকসান গুনতে হচ্ছে বলে বিসিসিআইকে একটা আইনি নোটিশও পাঠিয়েছে পিসিবি।
২০১৪ সালের চুক্তিপত্র অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা দুই দেশের। যেখানে থাকত ১৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে চারটিরই আয়োজন করার কথা পাকিস্তানের। কিন্তু দুই বছরের বেশি সময় কেটে গেলেও একটি সিরিজও খেলতে পারেননি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। আর এতে বিপুল অঙ্কের টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি পিসিবির।
২০১৫ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কায় একটা সিরিজ খেলার ব্যাপারে কথাবার্তা বেশ খানিকটা এগিয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। কিন্তু সরকারের সম্মতি পাওয়া যায়নি, এমন কথা বলে সেই সিরিজটি আর শেষ পর্যন্ত খেলেনি ভারত।
এখন পিসিবির এ আইনি নোটিশের জবাব আগামী সাত দিনের মধ্যে দিতে হবে বিসিসিআইকে। সেই জবাবটা ইতিবাচক হলে হয়তো দ্রুতই আবার আলোচনায় বসবে ভারত-পাকিস্তান। আর ভারত যদি না খেলার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে ব্যাপারটা গড়াবে আইসিসির ডিসপুট রেসোলুশ্যন কমিটিতে।

স্পোর্টস ডেস্ক