সুনিল নারাইন যেন গেইল-ডি ভিলিয়ার্স!
ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন বোলার হিসেবে। ডানহাতি অফস্পিন দিয়ে কার্যকর ভূমিকাও রাখেন সুনিল নারাইন। কিন্তু ব্যাটসম্যান হিসেবে কখনই সেভাবে আলোচনায় আসেননি ক্যারিবিয়ান এই ক্রিকেটার। আসবেনই বা কেন! পাঁচ বছরের ক্রিকেট ক্যারিয়ারে কখনো একটা অর্ধশতকও করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত যখন সেই অর্ধশতকটি করলেন, তখন সেটি হয়ে গেল একটা রেকর্ড! ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলে যেন নতুন করে খুঁজে পাওয়া যাচ্ছে ব্যাটসম্যান নারাইনকে। আর দুর্দান্ত ঝড়ো ব্যাটিং করে তিনি যেন পাল্লা দিচ্ছেন এ সময়ের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে গত কয়েক ম্যাচেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দেখা যাচ্ছে নারাইনকে। ঝড়ো ব্যাটিং দিয়ে নজরও কেড়েছেন বেশ কয়েকটি ম্যাচে। তবে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ব্যাটসম্যান নারাইন। অর্ধশতক করলেন মাত্র ১৫ বলে। আইপিএলে সবচেয়ে কম বলে অর্ধশতকের রেকর্ডে তিনি নাম লিখিয়েছেন ইউসুফ পাঠানের পাশে। ২০১৪ সালে কলকাতার জার্সি গায়েই ইউসুফ অর্ধশতক করেছিলেন ১৫ বলে।
১৫ বলে অর্ধশতকের রেকর্ডে ভাগ বসানোর পর নারাইন শেষপর্যন্ত আউট হয়েছেন ৫৪ রান করে। মেরেছেন ছয়টি চার ও চারটি ছয়। সব ধরনের ক্রিকেটে এটিই এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ রানের ইনিংস।
মজার ব্যাপার হলো, নারাইন যখন বিধ্বংসী এই ইনিংসটি খেলছিলেন, তখন প্রতিপক্ষ দলের হয়ে ফিল্ডিং করছিলেন ক্রিস গেইল ও ডি ভিলিয়ার্স। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যাঁরা ক্রিকেটবিশ্বে আলাদাভাবেই বিবেচিত হন। ১২ বলে অর্ধশতকের টি-টোয়েন্টি রেকর্ডের পাশে এখনো লেখা হয় গেইলের নাম। এই রেকর্ড অবশ্য তিনি ভাগাভাগি করছেন যুবরাজ সিংয়ের সঙ্গে। আর ওয়ানডেতে সবচেয়ে কম বলে (১৬) অর্ধশতক ও শতকের রেকর্ডটি আছে ডি ভিলিয়ার্সের দখলে।

স্পোর্টস ডেস্ক