আয়ারল্যান্ডে প্রথম ওয়ানডের অধিনায়ক কে?
এই কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দুঃসংবাদটি পেয়েছিল বাংলাদেশ দল। স্লো-ওভাররেটের কারণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল আইসিসি। তাই পরবর্তী সিরিজে একটি ওয়ানডে খেলতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই নায়ক।
তাই আয়ারল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না মাশরাফির। তাঁর বদলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে, তা নিয়ে এখন আলোচনা শুরু হয়ে গেছে। যদিও নিয়ম অনুযায়ী সহ-অধিনায়ক সাকিব আল হাসনের নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছুই জানায়নি।
অবশ্য কদিন আগে অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে আসায় নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব সামলেছেন মুশফিকুর রহিম। তাঁর নেতৃত্বে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সাকিব নাকি মুশফিক নেতৃত্ব দেবেন, তা এখনো জানা যায়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে স্লো ওভাররেটের কারণে অধিনায়ক মাশরাফিকে নিষিদ্ধ করা হয় এক ম্যাচ। অবশ্য সেই সিরিজ ১-১ ব্যবধানে সমতায় ছিল।
এর আগে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে স্লো ওভাররেটের কারণে নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা হয়নি নড়াইল এক্সপ্রেসের। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন সাকিব।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডে আগামী শুক্রবার। এই সিরিজে বাংলাদেশ আরো তিনটি ম্যাচ খেলবে। আসরের আরেক দল নিউজিল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক