ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন আনচেলত্তি
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। নতুন চুক্তির ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ইএসপিএন জানিয়েছেন, চার বছরের নতুন চুক্তির বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন ইতালির এই কোচ।
আগামী ১৬ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করার আগেই এ ব্যপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
নতুন চুক্তিতে অবশ্য আনচেলত্তির বেতন বাড়ানো হবে না। তিনি ইতোমধ্যে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কোচ। প্রতি বছর তিনি ১ কোটি ইউরো (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার) পান। তবে তার চার সদস্যের কোচিং স্টাফদের বেতন সমন্বয় করা হবে।
৬৬ বছর বয়সী আনচেলত্তি গত সেপ্টেম্বর জানিয়েছিলেন, তিনি ২০৩০ পর্যন্ত চুক্তি বাড়াতে আগ্রহী। ২০২৫ সালের মে-তে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব আনচেলত্তি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে তিনিই প্রথম বিদেশি কোচ।
আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ব্রাজিল আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুই হার পেয়েছে। তিনি এখনও তার বিশ্বকাপ দল চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল, এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।
মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৩ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল । পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘সি’-তে মরক্কোর পর স্কটল্যান্ড ও হাইতির মোকাবিলা করবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)