বিদায়ী ম্যাচে মিসবাহর শুরু ফিফটি দিয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ শেষেই বিদায় নেবেন পাকিস্তানি ক্রিকেটের দুই তারকা অধিনায়ক মিসবাহ-উল-হক ও ইউনিস খান। বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখার যথাসাধ্য চেষ্টাই করবেন এ দুই অভিজ্ঞ ক্রিকেটার।
সে লক্ষ্যে ইউনিসের শুরুটা খুব বেশি ভালো হয়নি। প্রথম ইনিংসে আউট হয়ে গেছেন মাত্র ১৮ রান করে। তবে মিসবাহ খেলেছেন অর্ধশতকের ইনিংস। পাকিস্তানকে লড়াই করার মতো স্কোর এনে দেওয়ার পেছনে রেখেছেন বড় ভূমিকা। মিসবাহ, বাবর আজম, সরফরাজ আহমেদের অর্ধশতক ও আজহার আলীর শতকে প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর দাঁড়িয়েছে ৩৭৬ রান।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের স্কোর ছিল ১৬৯/২। গতকাল দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরতে হয়েছে ইউনিস খানকে। ৭৫ বল খেলে মাত্র ১৮ রান করতে পেরেছেন টেস্টে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি রান করা এই ব্যাটসম্যান। এরপর উইকেটে এসে বেশ খানিকটা সময় উইন্ডিজ বোলারদের ভুগিয়েছেন মিসবাহ। চতুর্থ উইকেটে আজহার আলীর সঙ্গে জুটি বেঁধে তিনি জমা করেছিলেন ৬৪ রান। এরপর অবশ্য আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ১২৭ রান করে ফিরে গেছেন আজহার। মিসবাহ আউট হয়েছেন ৫৯ রান করে। শেষপর্যায়ে উইকেটরক্ষক সরফরাজ আহমেদ খেলেছেন ৫১ রানের ইনিংস।
দ্বিতীয় দিনের শেষপর্যায়ে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট হারাতে হয়নি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। ১১ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৪ রান জমা করেছেন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট ও কাইরন পাওয়েল।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ভালো বোলিং করেছেন রোস্টন চেস ও জ্যাসন হোল্ডার। ৩২ ওভার বল করে ১০৩ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন চেস। হোল্ডারের ঝুলিতে গেছে তিনটি উইকেট।

স্পোর্টস ডেস্ক