মিরাজকে সরিয়ে সানজামুলের অভিষেক
ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই গাড়িতে বিমানবন্দরে এলেন মেহেদী হাসান ও মিরাজ ও সানজামুল ইসলাম। তবে সংবাদমাধ্যমের আকর্ষণ হয়ে দাঁড়ালেন মেহেদী হাসান মিরাজ। পেছনে দাঁড়িয়ে মিরাজকে সাক্ষাৎকার দিতে দেখলেন সানজামুল। আজ সেই মিরাজকে সরিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে সানজামুলের।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে টুর্নামেন্টের ফাইনালে ওঠাটা কঠিন হয়ে যাবে টাইগারদের। আর এমনই বাঁচামরার ম্যাচে মিরাজকে সরিয়ে সানজামুলকে দলে ভেড়াল টিম ম্যানেজমেন্ট।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ বল করে চলেছেন বাঁহাতি স্পিনাররা। নিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। সাকিব আল হাসানও দারুণ বল করেছেন গত ম্যাচে। আর স্পিনারদের বিপক্ষে আইরিশদের দুর্বলতার কথা ভেবেই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সানজামুলকে খেলানো হচ্ছে।
বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া বোলিং করে চলছেন সানজামুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ৮০ রানে ৯ উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের ক্ষেত্রে ইনিংস-সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। কয়েক মৌসুম ধরেই প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন এই বোলার। ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২১২ উইকেট সেটারই সাক্ষ্য দিয়ে চলছে।

স্পোর্টস ডেস্ক