শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের
সুপার এইটের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তা দেয়নি ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দিনের প্রথম মুখোমুখি হয়েছিল দল দুটি। ঘরের মাঠে চেনা দর্শকের সামনে ভরাডুবি হয়েছে লঙ্কানদের। লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড।
পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তোলে। জবাবে ১৬.৪ ওভারে ৯৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
ইংলিশদের পক্ষে ব্যাট হাতে আলো ছড়ান ওপেনার ফিল সল্ট। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন তিনি। ৪০ বলের ইনিংসটি সল্ট সাজান ৬টি চার ও ২টি ছক্কার মারে। ১৪ বলে ২১ রান করেন উইল জ্যাকস। এটি দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া বলার মতো সংগ্রহ গড়তে পারেননি আর কোনো ব্যাটার।
শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন দুনিথ ভেল্লালাগে। দিলশান মাদুশাঙ্কা ও মাহিশ থিকসানা পান দুটি করে উইকেট।
বোলারদের কৃতিত্ব বৃথা যায় লঙ্কান ব্যাটিংয়ের ব্যর্থতায়। ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কেউ। অধিনায়ক দাসুন শানাকার ২৪ বলে ৩০ রানই দলের পক্ষে সর্বোচ্চ। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। সাতজন ফিরেছেন এক অঙ্কের ঘরে। ফলে, পেতে হয়েছে হারের লজ্জা।
ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট শিকার করেন উইল জ্যাকস। জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ ঝুলিতে পুরেন দুটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক