নাসিরের দীর্ঘ অপেক্ষার অবসান
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করেও গত নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পাননি তিনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ একটি সেঞ্চুরি করে শেষ পর্যন্ত নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন। সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে। সিরিজের প্রথম তিনি ম্যাচের একাদশে উপেক্ষিত থাকলেও অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
২০১৬ সালের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাসির। এরপর আর বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পাননি তিনি। আজ বাঁহাতি স্পিসার সানজামুল ইসলামের জায়গায় দলে নেওয়া হয়েছে ডানহাতি এই অলরাউন্ডারকে।
দলে ফিরে ভালো কিছু করা ইঙ্গিত দিয়েছিলেন নাসির। দেশ ছাড়ার এ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘অনেকদিন পর দলে ফিরেছি। ভালো কিছু করার চেষ্টা থাকবে। তা ছাড়া এই ফেরাটাই আমাকে অনুপ্রাণিত করছে। একাদশে সুযোগ পেলে ব্যাটিং-বোলিংয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে একাদশে ফিরে নাসির কেমন করেন, সেটাই এখন দেখার।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক