কার কথায় দাড়ি রাখছেন আলিম দার?
ক্রিকেট মাঠে আম্পায়ারিং করছেন প্রায় ১৭ বছর। পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে সব সময়ই দেখা গেছে দাড়ি-গোঁফবিহীন চেহারায়। কিন্তু এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে আলিম দারকে দেখলে হয়তো চমকে উঠবেন অনেকেই। কারণ, এবার তিনি আম্পায়ারিং করতে নামবেন মুখভর্তি দাড়ি নিয়ে।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচেই দেখা গেছে আলিম দারের এই নতুন চেহারা। এ নিয়ে বেশ আলোচনাও চলছে ক্রিকেটবিশ্বে। অনেকেই প্রশ্ন করছেন, কার কথায় হঠাৎ দাড়ি রাখা শুরু করলেন আলিম দার?
জবাবটা নিজেই দিয়েছেন এই পাকিস্তানি আম্পায়ার। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলার কথায় অনুপ্রণিত হয়েই দাড়ি রাখা শুরু করেছেন আলিম।
বর্তমান ক্রিকেটবিশ্বে যে হাতে গোনা কয়েকজন খেলোয়াড়কে বড় দাড়ি নিয়ে মাঠে নামতে দেখা যায়, তাঁদের মধ্যে হাশিম আমলা অন্যতম। বরাবরই ইসলামী রীতিনীতি মেনে চলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। আর সেটা তিনি ছড়িয়েও দিয়েছেন আলিম দারের মাঝে।
২০০০ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরুর পর এখন পর্যন্ত আলিম দার পরিচালনা করেছেন ১১টি টেস্ট, ১৮৩টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের একটি ম্যাচেও আম্পায়ার হিসেবে দেখা যাবে তাঁকে।

স্পোর্টস ডেস্ক