সৌম্যের ভাবনায় এখন লম্বা ইনিংস
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে দারুণ দুটি ইনিংস খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ ও আয়ারল্যান্ডের বিপক্ষে হার-না-মানা ৮৭ রান করেছিলেন ওপেনার সৌম্য সরকার। দারুণ দুটি ইনিংস খেলে বেশ প্রশংসাও কুঁড়িয়েছিলেন তিনি। অবশ্য পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর ভাবনায় এখন শুধু চ্যাম্পিয়নস ট্রফিতে লম্বা ইনিংস খেলা।
এটা ঠিক বেশ কিছুদিন ধরেই লম্বা ইনিংস খেলতে পারছেন না সৌম্য। ২০১৫ সালের এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১২৭ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন। এর পর বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন তিনি, কিন্তু ইনিংসগুলোকে লম্বা করতে পারেননি। এবার সে বোধোদয়টা হয়েছে এই বাংলাদেশি ওপেনারের।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে নিজের ব্যাটিং নিয়ে ভাবতে শুরু করেছেন সৌম্য। এ ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক, ইংল্যান্ডের উইকেটগুলো বেশ ব্যাটিং সহায়কই মনে হচ্ছে। কিন্তু উইকেট ভালো থাকলেই রান করা সম্ভব হয় না। অনেক কিছুর ওপর নির্ভর করে এটি। ব্যাটসম্যান নিজে সুযোগগুলো কাজে লাগাতে পেরেছেন কি না। তাঁর দিনটা ভালো যাচ্ছে কি না। তা ছাড়া ভাগ্যও ভালো হতে হয়।’
অবশ্য এই বাঁহাতি ওপেনারের যত চিন্তা লম্বা ইনিংস খেলা, ‘আমাদের এটা মনে রাখতে হবে একটা ম্যাচে সব ব্যাটসম্যান ভালো করবে না। তবে ভালোভাবে শুরু করতে পারলে চেষ্টা থাকবে লম্বা ইনিংস খেলার।’
আগামী ১ জুন শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ উদ্বোধনী দিনে মাঠে নামবে, প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে ম্যাচটি হবে ৫ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।
কার্ডিফে বাংলাদেশের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ৯ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ পর্বে ভালো করলে বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে।
আসরের দুটি সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুন। আর ফাইনাল হবে ১৮ জুন। তার আগে আগামীকাল ভারতের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক