হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : ইরান
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের উত্তাল পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী জাহাজ চলাচলের অনুমতি পেল বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
আব্বাস আরাঘচি জানিয়েছেন, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও বাংলাদেশের মতো দেশগুলোর জাহাজ চলাচলের জন্য ইরান তাদের নৌবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এই দেশগুলোর সরকার ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেছে। যার ভিত্তিতে এই নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে বন্ধুপ্রতিম বলে বিবেচিত ও নিরপেক্ষ দেশগুলোর জন্য এই কৌশলগত জলপথটি উন্মুক্ত রাখা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করেছে। আপনারা খবরে দেখেছেন- চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত—যাদের দুটি জাহাজ কয়েক রাত আগে পার হয়েছে— এবং আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও। এগুলো সেই সব দেশ যারা আমাদের সঙ্গে কথা বলেছে এবং আমাদের সাথে সমন্বয় করেছে। যুদ্ধের পরেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।‘
ইরান জানিয়েছেন, তারা এই জলপথটি পুরোপুরি বন্ধ করেনি, বরং শুধুমাত্র শত্রুভাবাপন্ন দেশগুলোর জন্য এটি বন্ধ রেখেছে। বাংলাদেশসহ যে দেশগুলো ইরানের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ বজায় রেখেছে, তাদের জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না। বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য ইরানের এই সমন্বিত যাতায়াত ব্যবস্থা এক নতুন বাস্তবতায় পরিণত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক