আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন (ইউএভি) প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফুজাইরাহ সরকারি মিডিয়া অফিস।
বিবৃতিতে জানানো হয়েছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী ফুজাইরাহর আকাশে একটি ড্রোন সফলভাবে রুখে দেয়। তবে ড্রোনের ধ্বংসাবশেষ বা শার্পনেল আল-রিফা এলাকার একটি খামারের ওপর পড়লে সেখানে কর্মরত ওই বাংলাদেশি নাগরিক প্রাণ হারান। ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফুজাইরাহ কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতা বিরাজ করছে। এর আগে গত ২ মার্চ আজমানে এবং ৩১ মার্চ দুবাই ও আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও ভারতের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক