সুযোগটা দুই হাতে নাও, খেলোয়াড়দের হাথুরু
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন অন্যরকম উত্তেজনার আবহ। ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল, তাই এই উত্তেজনাটা যেন বেড়ে গেছে কয়েকগুণ। সমর্থকদের মাঝে এই উত্তেজনাটা ছড়িয়ে গেলেও খেলোয়াড়রা যেন অনেকটাই শান্ত মেজাজে। তবে এটি যে বাংলাদেশের জন্য দারুণ একটি সুযোগ তা বলার অপেক্ষা রাখে না। দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও খেলোয়াড়দের পরামর্শ দিতে ভুলেননি সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে।
আসলেও তাই, দারুণ একটি সুযোগ মাশরাফিদের সামনে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার। বার্মিংহামে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ। এই লড়াইয়ে জিততে পারলে প্রথমবার আইসিসির সেরা আসরগুলোর একটির ফাইনালে খেলার সুযোগ পাবে লাল-সবুজের দল। তাই খেলোয়াড়দের একটা বার্তা দিয়ে রেখেছেন গুরু হাথুরু, বড় ম্যাচ না ভেবে বড় সুযোগ কাজে লাগানোর।
প্রতিপক্ষ নিয়ে না ভেবে খেলোয়াড়দের সুযোগটি কাজে লাগানোর পরামর্শ দিয়ে হাথুরুসিংহে বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের বলেছিলাম এই আসর থেকে আমাদের অর্জন করার দারুণ সুযোগ রয়েছে। দল সেমিতে উঠায় আমরা দারুণ খুশি। ছেলেরাও বেশ আত্মবিশ্বাসী। খেলোয়াড়দের তাই একটি বার্তা দিয়েছি, বড় ম্যাচ না ভেবে, বড় সুযোগ কাজে লাগতে। এমন সুযোগ কাজে লাগাতে অপেক্ষায় থাকে অনেকেই। আমি বলে দিয়েছি, এই সুযোগটা দুহাতে নাও।’
বাংলাদেশ কতটা এগিয়েছে সেটা সারা বিশ্বকে দেখাতে চান তিনি, ‘সম্প্রতি দারুণ ক্রিকেট খেলছে, সেটা সারা বিশ্বকে দেখানোর সুযোগ পেয়েছি আমরা। তাদের জানিয়ে দিতে চাই আমরা কতটা এগিয়েছি।’
তবে এই ম্যাচে ভারতকেই ফেভারিট মানছেন বাংলাদেশ কোচ, ‘টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত। আমাদের বিপক্ষেও তারা ফেভারিট এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কোনো দলই আমাদের কাছে সহজে পার পাবে না।’

ক্রীড়া প্রতিবেদক