বিদায় বলে দিলেন রনকি
শুরুটা অস্ট্রেলিয়ার হয়ে করলেও শেষটা জন্মভূমি নিউজিল্যান্ডের হয়ে করলেন লুক রনকি। তবে ক্যারিয়ারটা খুব বড় হলো না এই ক্রিকেটারের। ৩৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। রনকি ভালো খেললেও উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ল্যাথামের কাছে জায়গাটা হারিয়ে ফেলছিলেন তিনি। তাই খারাপ সময় আসার আগেই আখের গুছিয়ে নিলেন রনকি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষেই নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলবেন বলে জানিয়েছেন তিনি।
লুক রনকি যখন খুব ছোট, তাঁকে নিয়ে বাবা-মা তখন অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ২০০৮ সালে ব্র্যাড হ্যাডিনের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক হয় রনকির। তবে হ্যাডিন সুস্থ হওয়ায় আবার দলে জায়গা হারান তিনি।
জাতীয় দলে জায়গা হারানো রনকি আর কিছুতেই দলে ঢুকতে পারছিলেন না। টম পেইন-ম্যাথু ওয়েড-পিটার নেভিলদের সঙ্গে পেরে উঠবেন না দেখে ২০১৩ সালে নিউজিল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। সে বছর বিজে ওয়াটলিংয়ের জায়গায় ইংল্যান্ড সফরে কিউই দলে ডাক পান রনকি। এরপর অবশ্য আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি তাঁকে।
নিউজিল্যান্ডের হয়ে চারটি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রনকি সম্প্রতি ফর্মহীনতায় ভুগছিলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে আহামরি কিছুই করতে পারেননি তিনি। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে আউট হয়ে যাওয়ার পর রনকির ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখা দেয়। কারণ, রানের ফুলঝুরি ছোটানো টম ল্যাথাম দলের রাইরে বসে রয়েছেন তাঁর কারণে। এর পরের সিরিজে দলের সঙ্গে নাও থাকতে পারতেন রনকি। তাই আর বেশি কিছু না ভেবে অবসর নিয়ে ফেললেন তিনি।
৮৫ ওয়ানডেতে ১,৩৯৭ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একটি শতক ও চারটি অর্ধশতক রয়েছে তাঁর। উইকেটের পেছনে ১০৫টি ক্যাচ ও ১৩টি স্টাম্পিং করেছেন তিনি। এ ছাড়া ৩২ টি-টোয়েন্টি ম্যাচে ৩৫৯ রান করেন লুক রনকি।

স্পোর্টস ডেস্ক