কোচ হলে মুখ বন্ধ রাখতে হবে শেবাগকে
ভারতের কোচ হিসেবে যাত্রা শুরুর জন্য বিরেন্দর শেবাগ কতটা আগ্রহী, তা নিয়ে প্রশ্ন থাকাটা স্বাভাবিক। কোচের পদে আবেদন জানিয়ে মাত্র দুই লাইনের একটি জীবনবৃত্তান্ত পাঠিয়েছিলেন সাবেক এই ব্যাটসম্যান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ থেকে শুরু করে অনেকেই নাকি শেবাগকেই চাইছেন কোচ হিসেবে। সত্যিই কোচের আসনে বসলে অবশ্য কথাবার্তা খুব সাবধানে বলতে হবে ভারতের সাবেক এই মারমুখী ব্যাটসম্যানকে।
টুইটারে প্রায়ই বিতর্কিত সব মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে আসেন শেবাগ। চ্যাম্পিয়নস ট্রফির সময়ও পাকিস্তানকে ভারতের ছেলে ও বাংলাদেশকে নাতি বলে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি। কোচের আসনে বসার পরও তিনি এভাবেই বেফাঁস সব কথা বলতে থাকবেন কি না, তা নিয়েও অবশ্য কিছুটা চিন্তিত ভারতের ক্রিকেট অঙ্গন।
তবে সত্যিই যদি শেবাগকে ভারতের নতুন কোচ নির্বাচন করা হয়, তাহলে তাঁকে মুখে লাগাম দিতে হবে বলে মন্তব্য করেছেন বিসিসিআইর এক সূত্র। ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘হ্যাঁ, বীরু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলে। কিন্তু কোচ হিসেবে নির্বাচিত হলে তাঁকে মুখটা বন্ধ রাখতে হবে।’
অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঝামেলার কারণে ভারতের কোচের পদ থেকে বিদায় নিতে হয়েছে অনিল কুম্বলেকে। তার পর থেকেই নতুন কোচের সন্ধানে আছে বিসিসিআই। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রবি শাস্ত্রী ও শেবাগের নাম। রিচার্ড পাইবাস, ডোড্ডা গণেশ ও লালচাঁদ রাজপুতও আবেদন করেছেন ভারতের প্রধান কোচের পদে। আগামী ৯ জুলাই পর্যন্ত আছে আবেদন করার সময়।
শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গড়া ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি নির্বাচন করবে ভারতের নতুন কোচ।

স্পোর্টস ডেস্ক