অস্ট্রেলিয়ার আসার খবরে বিসিবিতে স্বস্তি
শেষ পর্যন্ত সব সমস্যার সমাধান হয়েছে। সমঝোতায় পৌঁছেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও দেশটির খেলোয়াড়রা। তাই স্মিথদের বাংলাদেশ সফর নিয়ে সব শঙ্কা কেটে গেছে। সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অসিদের বাংলাদেশ সফরে আসার অনিশ্চয়তা কেটে যাওয়ায় বিসিবিতে এখন স্বস্তির আবহ বিরাজ করছে। খুশি বোর্ড কর্মকর্তারাও।
সব কিছু ঠিক থকলে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা আগামী ১৮ আগস্ট। সফরে ২২ থেকে ২৪ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। এরপর ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।
অস্ট্রেলিয়ার আসার বিষয়টি নিশ্চিত হওয়ায় দারুণ খুশি বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।আজ বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যিই অস্ট্রেলিয়ার আসার খবরটি আমাদের জন্য খুবই আনন্দের। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেকদিন পর টেস্ট খেলব, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তাছাড়া সিরিজটি আমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো অনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এ ব্যাপারে বিসিবি পরিচালক বলেন, ‘তারা এখনো অফিশিয়ালি আমাদের কিছুই জানায়নি। আসেবে না সেটাও কখনো বলেনি। আমরাও আশাবাদী ছিলাম তারা নির্ধারিত সময়েই আসবে।’

ক্রীড়া প্রতিবেদক