কলম্বো টেস্টের প্রথম দিনটি ভারতের
কলম্বো টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে দারুণ দুটি সেঞ্চুরি করে দলকে একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছেন। পূজারা ১২৮ ও রাহানের ১০৩ রানে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন তিন উইকেটে ৩৪৪ রান করেছে সফরকারী ভারত। প্রথম টেস্টের মতো এই টেস্টেও ভারতীয় ব্যাটসম্যানদের ওপর মোটেও প্রভাব বিস্তার করতে পারেননি লঙ্কান বোলাররা।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১০ ওভারে ৫৬ রান তুলে নিয়ে প্রথম সেশনটা নিজেদের করে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান ও অভিনব মুকুন্দের বদলে এই ম্যাচের দলে ফেরা লোকেশ রাহুল। তবে এগারতম ওভারের প্রথম বলে লেগ বিফোর হয়ে ফিরে যান ধাওয়ান। এরপর পূজারা ও লোকেশ রাহুল ভালোই খেলছিলেন। ৩১তম ওভারে পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন লোকেশ রাহুল। এতে রাহুলের চেয়ে পূজারার দায়টাই বেশি। ৫২ রান করেন লোকেশ। এ নিয়ে টানা ছয় হাফ সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। সেঞ্চুরিহীন টানা হাফ সেঞ্চুরির রেকর্ডে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স শতকহীন টানা সাতটি অর্ধশতক করেন। রাহুল ছাড়া টানা ছয় হাফ সেঞ্চুরি রয়েছে অ্যালেন বোর্ডার, রাহুল দ্রাবিড় ও মিসবাহ উল হকের।
রাহুল ফিরলেও নিজের মতো করে খেলে যান পূজারা। এর মধ্যে অবশ্য অধিনায়ক বিরাট কোহলিকে ফেরান রঙ্গনা হেরাথ। মাত্র ১৩ রান করেন ভারত অধিনায়ক। ১৩৩ রানে তিন উইকেট হারানো ভারত এ সময় খানিকটা চাপে পড়ে যায়। সেখান থেকে ২১১ রান যোগ করে সফরকারীদের দারুণ জায়গায় পৌঁছে দেন পূজারা ও রাহানে।
এর মধ্যে শতক তুলে নেন পূজারা। ৫০তম ম্যাচে শতক পূর্ণ করা সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এর আগে পলি উমরিগর, গুডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, সুনীল গাভাস্কার, ভিভিএনস লক্ষণ ও বিরাট কোহলির এমন রেকর্ড রয়েছে। আজ অবশ্য আরেকটা রেকর্ড করেছেন পূজারা। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সময়ে চার হাজার রান পূর্ণ করেছেন তিনি। তার চেয়ে কম সময়ে চার হাজার রান পূর্ণ করা অপর ভারতীয়রা হলেন সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ও বিরেন্দর শেবাগ। ৮৪তম ইনিংসে এই রেকর্ড গড়লেন পূজারা।

স্পোর্টস ডেস্ক