জয় দিয়েই শুরু মাহমুদউল্লাহর সিপিএল অধ্যায়
রোভম্যান পাওয়েল যখন আউট হন জ্যামাইকা তালাওয়াস তখন জয় থেকে নিঃশ্বাস দূরত্বে। উইকেটে এসেই মেয়ার্সের বলে এক রান নিয়ে দলকে স্কোরটা সমতায় নিয়ে চলে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের বলে চার মেরে জ্যামাইকাকে দারুণ এক জয় এনে দিলেন কুমার সাঙ্গাকারা। সেন্ট লুসিয়ার ১৭২ রানের জবাবে ছয় বল ও ছয় উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নিল জ্যামাইকা তালাওয়াস। আর জয় দিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের পথচলা শুরু করলেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
স্যাবাইনা পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি সেন্ট লুসিয়ার। ৩৬ রানে কর্নওয়েল ও আন্দ্রে ফ্লেচারকে হারিয়ে বসে দলটি। এরপর অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়ানসনের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াইয়ে ফেরে সেন্ট লুসিয়া। ৪৫ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৮০ রান করেন ওয়াটসন। এ ছাড়া চনসন চার্লস ও ফ্লেচার করেন ২০ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করে সেন্ট লুসিয়া। জ্যামাইকার ক্রিসমার স্যান্তোকি ও গ্যারি ম্যাথুরিন নেন দুটি করে উইকেট।
১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে লেন্ডল সিমন্সকে হারালেও গ্লেন ফিলিপস ও কুমার সাঙ্গাকারার ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথেই ছিল জ্যামাইকা। ২১ রান করে ফিলিপস আউট হলেও কুমার সাঙ্গাকারা ও আন্দ্রে মাকার্থির ব্যাটে সহজ জয় পায় স্বাগতিকরা। ৪৫ বলে ৭৪ রান করেন সাঙ্গা। এ ছাড়া ম্যাকার্থি ৩৬ রান করেন। এ ছাড়া রোভম্যান পাওয়েল ৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ এক রানে অপরাজিত থাকেন।

স্পোর্টস ডেস্ক