আলোচনায় বৃষ্টি আর পিচ
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন ঢাকায় হালকা ও মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তা ছাড়া এমনিতেই বৃষ্টির মৌসুম এখন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে তাই আলোচনায়, এই সিরিজে বড় প্রভাব ফেলতে পারে বৃষ্টি। আর তা হলে উইকেটের ধরনও পাল্টাতে পারে। যার প্রভাব পড়তে পারে খেলায়।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে বৃষ্টি বড় প্রভাব ফেলতে পারে। অবশ্য তা কারো হাতে নেই বলে তা মানিয়ে নিয়ে খেলতে হবে বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘সত্যি কথা বলতে কি আবহাওয়া ব্যাপারটি কারো হাতে নেই। তবে প্রতিকূল আবহাওয়ায় ভালো খেলা খুবই কঠিন। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য তা দুরূহ হয়ে যায়। অবশ্য সবাই পেশাদার ক্রিকেটার, এমন পরিস্থিতিতে মানিয়ে নিয়েই খেলতে হবে আমাদের।’
তা ছাড়া প্রতিকূল আবহাওয়ায় উইকেটের ধরন কিছুটা পাল্টে যায় বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘বৃষ্টি হলে উইকেটের আচরণ অনেক সময় পাল্টে যায়। কারণ পিচ ঢাকা থাকার কারণে যেমন আশা করা হয়, ঠিক তেমন সুবিধা পাওয়া যায় না।’
তাই পিচ নিয়ে কিছুটা চিন্তিতও মুশফিক, ‘অবশ্যই, চিন্তা তো কিছুটা হবেই। এমন অবস্থায় উইকেট কেমন হবে তা বলা কঠিন। তবে উইকেট যাই হোক, আমাদের সেরাটা খেলতেই হবে। তা না হলে সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল রোববার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টায়। এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ থেকে ৮ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রীড়া প্রতিবেদক