ঈদের নামাজে কি জুতা হারালেন উসমান খাজা?
বাংলাদেশে এসে সময়টা ভালো যাচ্ছে না উসমান খাজার। ঢাকা টেস্টের দুই ইনিংসেই দৃষ্টিকটুভাবে আউট হওয়ায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় ক্রিকেটার। এবার ঈদের নামাজ পড়তে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অসি ব্যাটসম্যান। সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করছেন, ঈদের নামাজ পড়তে গিয়ে নাকি জুতো হারিয়ে ফেলেছেন তিনি। অবশ্য এই ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে টুইটারে এ নিয়ে এক ভক্তকে বেশ রসালো জবাব দিয়েছেন উসমান খাজা।
সোমবার মুমিনুল হক, নাসির হোসেনদের সঙ্গে হোটেল র্যাডিসন বে ভিউ থেকে দামপাড়ার পুলিশ লাইন মসজিদে নামাজ পড়তে যান এই ক্রিকেটার। এখানেই নাকি নিজের জুতা জোড়া হারিয়ে বসেন তিনি। টুইটারে এ নিয়ে খাজাকে প্রশ্ন করেন অম্লান মুস্তাকিম নামের একজন। জবাবে রসিক উসমান খাজা বলেন, ‘সেগুলো কি তুমি নিয়েছিলে?
ক্রিকেটারদের নামাজ পড়ার কারণে মসজিদে বেশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে আইন-শৃঙ্খলা বাহিনী। এতো নিরাপত্তা ও মসজিদের মতো পবিত্র জায়গা থেকে জুতা চুরি হওয়ার খবরটা বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মিরপুরে প্রথম টেস্ট ম্যাচ ২০ রানে জিতে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক