ওয়ানডের ‘টেন থাউজ্যান্ড ক্লাবে’ দিলশান
একসময় ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের জন্য প্রাণপাত করতে হতো ব্যাটসম্যানদের। তখন অবশ্য এত খেলাও হতো না। শচীন টেন্ডুলকারের সৌজন্যে ওয়ানডের ‘টেন থাউজ্যান্ড ক্লাবে’র উদ্বোধন হওয়ার পর অনেকেই এর ‘সদস্য’ হয়েছেন। সর্বশেষ হলেন তিলকারত্নে দিলশান। রোববার পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৬৩ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়লেন শ্রীলঙ্কার ওপেনার।
৫০ ওভারের ক্রিকেটে ১০ হাজার রান করা একাদশ ব্যাটসম্যান দিলশান। তাঁর আগে তিনজন শ্রীলঙ্কান এই মাইলফলক স্পর্শ করেছেন—সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।
৩১৯তম ওয়ানডে খেলতে নামা দিলশানের আপাতত ১০ হাজার আট রান। এখনো খেলে যাওয়ায় তাঁর রান আরো বাড়বেই। তবে অবসর নেওয়ায় টেন থাউজ্যান্ট ক্লাবের বাকি ১০ সদস্যের সেই সুযোগ নেই।
১৮,৪২৬ রান নিয়ে ওয়ানডের সফলতম ব্যাটসম্যান ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে থাকা সাঙ্গাকারার রান ১৪,২৩৪। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৩,৭০৪ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন। ‘টেন থাউজ্যান্ড ক্লাবে’র বাকি সাত ব্যাটসম্যান জয়াসুরিয়া (১৩,৪৩০), জয়াবর্ধনে (১২,৬৫০), ইনজামাম-উল-হক (১১,৭৩৯), জ্যাক ক্যালিস (১১,৫৭৯), সৌরভ গাঙ্গুলী (১১,৩৬৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯) ও ব্রায়ান লারা (১০,৪০৫)।

স্পোর্টস ডেস্ক