আইরিশদের হারালো শান্ত-সানজামুলরা
দুই দলেই অভিজ্ঞ তারকারা ছিলেন। তবে তুলনামূলকভাবে শক্তিশালী ছিল বাংলাদেশ। আর তাই আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে নুরুল হাসান সোহান-কামরুল ইসলাম রাব্বিদের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। হয়েছেও তাই। আইরিশ দলটিকে বেশ সহজেই হারালো বাংলাদেশের যুবারা। সানজামুল বীরত্বে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২১৩ রানে গুটিয়ে দিলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩২ রান। ইয়াসির আলী ও সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সহজ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ৮ রানের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেনকে হারায় স্বাগতিকরা। দলীয় ৬০ রানের মধ্যে আরো দুটি উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে যায়। এরপর নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী বেশ দায়িত্বের সঙ্গে ব্যাটিং করতে থাকেন। এই জুটিতে আসে ৭১ রান। দলীয় ১৩১ রানে আউট হন সোহান। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে সিমি সিংয়ের ১২১ রানে দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২৫৫ রান করেছিল আয়ারল্যান্ড এ দল। এরপর সাদমান (১০৮), শান্ত (৬৯) ও নুরুল হাসান সোহানের (৫৪) ব্যাটে ভর করে বাংলাদেশ অলআউট হয় ৩৩৭ রান করে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জেমস শ্যানন (৯০) ছাড়া আর কোনো আইরিশ ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। আয়ারল্যান্ড অলআউট হয় ২১৩ রানে। ৯০ রান দিয়ে পাঁচ উইকেট নেন সানজামুল।

স্পোর্টস ডেস্ক