সেই মাহমুদউল্লাহই এখন সহ-অধিনায়ক!
ফর্মহীনতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়ে যান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টেও জায়গা পাননি তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাঁকে ফেরানো হয়। তবে সেটা পারফরম্যান্সের ভিত্তিতে নয়, সাকিব আল হাসান সেই সিরিজে ছুটিতে ছিলেন। মিডল অর্ডারে অভিজ্ঞ কাউকে দরকার ছিল বলেই বিসিবি ডেকে পাঠায় মাহমুদউল্লাহ রিয়াদকে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বাংলাদেশ দল হতাশ করলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ। হয়তো সেটারই প্রতিদান পেলেন এই ব্যাটসম্যান। টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় মুশফিকের বদলে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। সাকিবের ডেপুটি হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। ফর্মহীনতার অজুহাতে কয়েক মাস আগে দলে যার জায়গাই হচ্ছিল না, কয়েক মাস পর সেই ক্রিকেটারকেই সহ-অধিনায়ক করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মাহমুদউল্লাহর সহ-অধিনায়ক হওয়ার পিছনে এবারের বিপিএল বড় ভূমিকা রেখেছে। প্রায় ভাঙাচোরা একটা দল নিয়ে খুলনা টাইটানসকে প্লে অফে নিয়ে আসেন তিনি। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে অসাধারণ ছিলেন বাংলাদেশের মিডল অর্ডারের এই অতন্দ্র প্রহরী। পুরো আসরে মাহমুদউল্লাহর অধিনায়কত্বের প্রশংসাও করেছেন সবাই। বিসিবির নজরে আসে সেটা।

স্পোর্টস ডেস্ক